দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ওয়াকফ আইন নিয়ে চলছে তীব্র প্রতিবাদ। বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সেই প্রতিবাদ অব্যাহত রয়েছে বর্তমানে। মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতিতে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে ওয়াকফ আইনের বিরোধিতা করে। বিভিন্ন দিকে অশান্তির ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে। এবার বাংলায় কোনভাবেই ওয়াকফ আইন কার্যকরী হবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
বুধবার মেদিনীপুরে এমকেডি-এ রিভিউ বৈঠকের আয়োজন করা হয়। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম সেই বৈঠকে উপস্থিত ছিলেন। মেদিনীপুর ও খড়গপুরের উন্নয়নের বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা করা হয় ওই বৈঠকে। এছাড়াও যে সমস্ত সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যাগুলি যাতে দ্রুত কাটিয়ে উঠে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা যায়, এই বৈঠকে আলোচনা করা হয় সেই সকল বিষয়গুলি নিয়েও।
সেদিনের বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুধু তাই নয় সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেন তিনি। এমনকি ওয়াকফ আইন নিয়ে মুখ খুললেন ফিরহাদ। তাঁর কথায় “ওয়াকফ বিলের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ বিধানসভায় রেজুলিউশন নেওয়া হয়েছিল। সেই রেজুলিউশন পাঠানো হয়। তারপরও সেই ওয়াকফ বিল পাস হয়, যেটা অন্যায়। কারণ, সংবিধানে লেখা আছে সংখ্যালঘুদের সম্পত্তি তাদের হাতেই থাকবে। তাই এটা অন্যায় এবং অসাংবিধানিক। কিন্তু বিজেপি এটা করেছে হিন্দু ভোট ও মুসলমান ভোটের জন্য।”
ওয়াকফ আইনের বিরোধিতা করবেন বলে এদিন জানিয়ে দেন ফিরহাদ হাকিম। তিনি বলেন,”এটা বিরোধিতা আমরা করব। কিন্তু বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। ফলে সংখ্যালঘুরা দুঃখিত হবেন এমন কাজ মুখ্যমন্ত্রী করবেন না। তাই স্বাভাবিকভাবেই আমাদের এখানে এই আইন কার্যকর হওয়ার প্রশ্ন ওঠে না।”
