“দাঙ্গায় উস্কানি দিলেই আইনি ব্যবস্থা” হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যজুড়ে ধর্মের নামে অধার্মিক কাজকর্ম চলছে। অবিলম্বে এই অধার্মিক আচরণ বন্ধের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। গতকাল রাজ্যপালের কড়া বার্তার পর এবার সমাজ মাধ্যমে রাজ্য জুড়ে এই হিংসাত্মক আন্দোলন বন্ধের আবেদন জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ওয়াকফ বিল নিয়ে যে নতুন আইন কেন্দ্রীয় সরকার এনেছে তা লাগু হবে না বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অথচ ওয়াকফ বিলের প্রতিবাদে রাজ্য জুড়ে যে তান্ডব চলছে তার প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের নামে অধার্মিক আচরণ না করার আবেদন জানিয়েছেন সমাজ মাধ্যমে। “রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। যারা দাঙ্গা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। আইনটি কেন্দ্রীয় সরকারের তাই যা দাবিদাওয়া তা কেন্দ্রের কাছেই চাইতে হবে।” সমাজ মাধ্যমে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকালই রাজ্যপাল রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ আন্দোলনের নামে যে হিংসাত্মক কর্মকাণ্ড চলছে তার বিরুদ্ধে কড়া বার্তা জানিয়েছিলেন। আজ মুখ্যমন্ত্রী রাজ্যপালের সুরেই জানিয়েছেন, ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ বরদাস্ত নয়। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান।
রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মমতার সাফ কথা
” দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না।”
মমতার স্পষ্ট কথা ” যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।” মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার এবিষয়ে সুস্পষ্টভাবে বলেছে যে বাংলা এই আইনকে সমর্থন করে না। এই আইন এরাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের? এই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সব ধর্মের মানুষকে শান্ত ও সংযত থাকার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায় , “আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। এই আমার আবেদন।”
