ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস দাবি করেছে, এই আক্রমণ চালিয়েছে রাশিয়া। দূতাবাস এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়ান সরকারের সমালোচনা করে এটিকে “ইচ্ছাকৃত” আক্রমণ বলে অভিহিত করে। ওই পোস্ট লেখা হয়েছে, রাশিয়া ভারতের সঙ্গে “বিশেষ বন্ধুত্ব” দাবি করার পরেও এই আক্রমণ চালানো হয়েছে। এর ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে ।
ইউক্রেনীয় দূতাবাস জানিয়েছে, “আজ, ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের গুদামে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে”। আরোও লেখা হয়েছে, “ভারতের সঙ্গে “বিশেষ বন্ধুত্ব” দাবি করে, মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসাগুলিকে লক্ষ্যবস্তু করছে – শিশু এবং বয়স্কদের জন্য তৈরি ওষুধ ধ্বংস করছে”।
এই হামলা এমন এক সময়ে ঘটানো হলো, যখন চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে যুদ্ধবিরোধী অবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেছেন, ভারত শান্তির পক্ষে। প্রধানমন্ত্রী মোদী বলেন, “রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গেই আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমি রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে বসে তাঁকে বলতে পারি যে, এটি যুদ্ধের সময় নয়, এবং আমি রাষ্ট্রপতি জেলেনস্কিকে বন্ধুত্বপূর্ণভাবে বলতে পারি যে ভাই, বিশ্বের যত মানুষই আপনার পাশে থাকুক না কেন, যুদ্ধক্ষেত্রে কখনও কোনও সমাধান হবে না।”
এদিকে, শনিবার রাশিয়া এবং ইউক্রেনের শীর্ষ কূটনীতিকরা একে অপরের বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্রে হামলার অভিযোগ এনেছেন। মাত্র কয়েকদিন আগে, আমেরিকার মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়েছে যে উভয় দেশ একে অপরের জ্বালানি কাঠামোকে লক্ষ্যবস্তু করবে না। এমন পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি নিয়ে প্রশ্ন উঠছে। আমেরিকা যত তাড়াতাড়ি সম্ভব এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি করার চেষ্টা করছে।
