অশান্ত মুর্শিদাবাদ জেলায় ফের বিস্ফোরক পরিস্থিতি। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ ঘিরে উত্তালতা এবার থাবা বসাল সরাসরি এক জনপ্রতিনিধির বাড়িতে। থানার থেকে মাত্র ১০০ মিটার দূরে ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জে।
শনিবার গভীর রাতে বিধায়কের বাড়িতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। কাচ ভাঙা, আসবাবপত্র তছনছ, গাড়ি ক্ষতিগ্রস্ত, আর তারপর বাড়ির সামনেই আগুন ধরানোর চেষ্টা—সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস রাত। আতঙ্কে পরিবারের লোকজন বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যান। তবে বিধায়ক একাই রয়ে যান নিজের বাড়িতে।
এই ঘটনার পর রাতেই তিনি ছুটে যান থানায়। পরে তাঁর সঙ্গে দেখা করতে আসেন সাংসদ খলিলুর রহমান।
হামলার নেপথ্যে পরিকল্পনার আশঙ্কা করছেন মনিরুল। তাঁর দাবি, সম্পদ লুটের চেষ্টা এবং ভয় দেখিয়ে এলাকা অশান্ত করাই ছিল উদ্দেশ্য। তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এত কাছেই থানা থাকা সত্ত্বেও এমন হামলা কীভাবে সম্ভব, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে এই ঘটনায় সাধারণ মানুষের মনে আরও গভীর হয়েছে নিরাপত্তার প্রশ্ন।
একজন বিধায়ক যখন নিজের বাড়িতেই সুরক্ষিত নন, তখন সাধারণ মানুষের অবস্থা কল্পনা করাই কঠিন। এই ঘটনা শুধু একটি হামলা নয়, প্রশাসনিক নজরদারির দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
