পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত ফেরারি হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে গ্রেফতার করেছে বেলজিয়ামের পুলিশ।এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন -এর সূত্রে সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যাচ্ছে ৬৫ বছর বয়সী চোকসিকে শনিবার গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের একটি আদালত থেকে ২০১৮ সালের ২৩ মে এবং ২০২১ সালের ১৫ জুন জারি করা দুটি ওপেন-এন্ডেড গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
ভারতে বিপুল ব্যাঙ্ক ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে মেহুল চোকসির বিরুদ্ধে। CBI এবং এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট চোকসি ও তার ভাইপো নীরব মোদিকে পিএনবি-এর ১৩,৮৫০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে খুঁজছে। অভিযোগ রয়েছে, তারা মুম্বাইয়ের ব্র্যাডি হাউস শাখার ব্যাংক কর্মকর্তাদের ঘুষ দিয়ে লেটার অফ আন্ডারটেকিং এবং ফরেন লেটার অফ ক্রেডিট ব্যবহার করে এই জালিয়াতি করেছিলেন। ২০১৮ সালের জানুয়ারিতে, দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পিএনবিতে এই কেলেঙ্কারি ধরা পড়ার কয়েক সপ্তাহ আগেই তারা ভারত থেকে পালিয়ে যান।২০২৪ সালের ডিসেম্বরে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে জানান, চোকসির মতো অভিযুক্তদের ঋণ পরিশোধের জন্য ২২,২৮০ কোটি টাকার সম্পত্তি ফেরত দেওয়া বা বিক্রি করা হয়েছে।
জানা যায় দেশ থেকে পালিয়ে থাকতে শুরু করেন অ্যান্টিগা ও বারবুডায়। সেখানকার নাগরিকত্বও জোগাড় করে ফেলেন। ২০২১ সালে সেখান থেকে রহস্যজনক ভাবে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু পরে তাকে খুঁজে বের করে সেখানে ফিরিয়ে আনা হয়। কিন্তু পরে তাঁকে ডমিনিকায় পাওয়া যায়। এরপর জানান যায় স্ত্রী প্রীতি বেলজিয়ামের নাগরিক হওয়ার সূত্রে মেহুল চোকসি সহজেই সেখানকার ‘এফ রেসিডেন্সি কার্ড’ পেয়েছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বেলজিয়ামে বসবাসের জন্য ভুয়ো নথিপত্র ব্যবহার করেছেন এই পলাতক অর্থনৈতিক অপরাধী। বেলজিয়াম কর্তৃপক্ষকে তিনি তাঁর নাগরিকত্ব সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। গত মাসেই বেলজিয়ামের বিদেশ মন্ত্রণালয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করে যে মেহুল চোকসি সেই দেশে রয়েছেন। এক বিবৃতিতে তারা জানায়, তারা তার উপস্থিতি সম্পর্কে সচেতন এবং এই বিষয়টিকে “গুরুত্ব ও মনোযোগ” দিয়ে দেখছে। তবে ভারতে প্রত্যর্পণ ও আইনি পদক্ষেপ এড়াতে চোকসি শারীরিক অসুস্থতা ও অন্যান্য কারণ দেখিয়ে শিগগিরই জামিনের আবেদন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
Leave a comment
Leave a comment
