পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত মোতায়েন থাকবে বাহিনী
সুদীপ্ত চট্টোপাধ্যায়
ধীরে ধীরে স্বাভাবিকের পথে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ। আজ সকাল থেকেই শামসেরগঞ্জে বেশ কিছু দোকানপাট খুলেছে, বসেছে স্থানীয় বাজারও। যারা বাড়ি ছাড়া হয়েছিলেন ধীরে ধীরে ফিরছেন তারাও। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন গোলমালের আশঙ্কায় যারা ঘর ছাড়া হয়েছিলেন তারাও এবার ধীরে ধীরে ঘরে ফিরছেন। ইতিমধ্যেই প্রায় কুড়িটি পরিবার ঘরে ফিরেছেন। আরও শতাধিক পরিবার ঘরে ফেরার আবেদন জানিয়েছেন বলে উল্লেখ করেছেন এডিজি দক্ষিণ বঙ্গ। ঘরছাড়াদের ঘরে ফেরাতে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের পুরোপুরি নিরাপত্তার বন্দোবস্ত করেছে রাজ্য পুলিশ বলেও জানান এডিজি। যতদিন পর্যন্ত এলাকায় সম্পূর্ণ শান্তি না ফিরবে ততদিন শামসেরগঞ্জে বাহিনী মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন সুপ্রতিম সরকার।
উল্লেখযোগ্য, গোলমাল ঠেকাতে গিয়ে জখম হন শামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই অবস্থায় পরিস্থিতি ঢাকাতে সামশেরগঞ্জ থানায় অমিত ভকত কে নতুন ওসি হিসেবে নিযুক্ত করা হয়। সামসেরগঞ্জ থানা এলাকায় সশরীরে হাজির থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। গোটা মুর্শিদাবাদ জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় উপদেশ দিচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের সঙ্গেও সব সময় পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করছেন রাজ্য পুলিশের ডিজি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোলমাল বা অশান্তি দমনে RAF এর বিশেষ প্রশিক্ষিত ৮ কোম্পানি বাহিনীকে শামসেরগঞ্জে মোতায়েন রাখা হয়েছে। বেঙ্গল সেক্টর ছাড়াও ঝাড়খন্ড থেকে তিন কোম্পানি এবং অসাম থেকে এক কোম্পানি এই ধরনের বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে শামসের গঞ্জে আনা হয়েছে। সামশেরগঞ্জ সহ মুর্শিদাবাদ জেলায় শান্তি স্থাপনে যতক্ষণ না কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অনুমতি না মিলবে ততক্ষণ এই বাহিনী মোতায়েন থাকবে শামসেরগঞ্জে বলেও জানানো হয়েছে।
