ফের উত্তাল শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইন। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় উত্তর রাধানগর স্টেশনে। ট্রেনের সংখ্যা ও কামরা বৃদ্ধির দাবিতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন শতাধিক যাত্রী। সকাল সাড়ে সাতটা থেকে রেল লাইনের উপর দাঁড়িয়ে শুরু হয় প্রতিবাদ। এর জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়।
গতকালও একই দাবিতে দক্ষিণ বারাসত স্টেশনে দেখা গিয়েছিল অনুরূপ চিত্র। যাত্রীদের অভিযোগ, অফিস টাইমে ট্রেনে ভিড় চরমে পৌঁছয়। গাদাগাদি করে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তাঁরা। লেডিজ কামরা বাড়ানোর ফলে অনেক পুরুষ যাত্রী স্থান সংকুলান পাচ্ছেন না। তাই লেডিজ কামরা বাড়ানো হলে অতিরিক্ত বগি সংযুক্ত করার দাবি উঠেছে। সেইসঙ্গে বাড়তি ট্রেন চালানোর দাবিও তুলেছেন যাত্রীরা।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় জিআরপি ও রেল কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে অবরোধ তোলার চেষ্টা করছেন তাঁরা। তবে বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
এক বিক্ষোভকারী বলেন, “আমরা রোজের যাত্রী। একই সমস্যার সম্মুখীন হচ্ছি বারবার। ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। লেডিজ কামরা বাড়ালে অন্য যাত্রীরা সমস্যায় পড়ছে। আলাদা বগি যোগ করুক, আমরা সেটাই চাই।”
রেল আধিকারিকদের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। তবে এই অবরোধের ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্টেশন থেকে রোজ হাজার হাজার যাত্রী যাতায়াত করেন শিয়ালদহ হয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে। দীর্ঘদিন ধরেই কম ট্রেন, কম কামরার সমস্যা নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। অবশেষে সেই ক্ষোভ বিস্ফোরিত হল রেললাইনে দাঁড়িয়ে সরাসরি বিক্ষোভের মাধ্যমে।
রেলের তরফে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে, ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন যাত্রীরা।
