সুদীপ্ত চট্টোপাধ্যায়
সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যে শীর্ষ স্থানাধিকারী কাটোয়ার দেবদত্তা মাজি ও খড়্গপুরের অর্চিস্মান নন্দীকে আগামী ১ জুন সম্বর্ধিত করবে রাজ্য সরকার। কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই মেধাবী ছাত্র-ছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “দেবদত্তা ও অর্চিস্মান দুজনের কেরিয়ারে সর্বভারতীয় স্তরে এটি একটি বড় সাফল্য।” দেবদত্তা এবং অর্চিস্মান দুজনেই ২০২৩ মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী।
অর্চিস্মান খড়্গপুরের একটি কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের ছাত্র হলেও দেবদত্তা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবেই মাধ্যমিকে শীর্ষস্থানাধিকারী হন। বর্তমানে উচ্চমাধ্যমিক স্তরেও দেবদত্তা রাজ্যের শিক্ষা বোর্ডের ছাত্রী। শুধু তাই নয় রাজ্য পরিচালিত ২০২২ সালের বিদ্যাসাগর সায়ান্স অলিম্পিয়াডেও শীর্ষস্থানে ছিলেন দেবদত্তা। একারণে মুখ্যমন্ত্রী দেবদত্তার সাফল্যে আরও বেশি করে উচ্ছ্বসিত।
মুখ্যমন্ত্রীর কথায় “দেবদত্তার এই সাফল্য শুধু আমাদের গর্বিত করেনি একইসঙ্গে রাজ্যে শিক্ষার মান কতটা উন্নত তারও দিকনির্দেশ করেছে।” দেবদত্তা ও অর্চিস্মান দুজনকেই শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে রাজ্য সরকার সবসময় তাদের পাশে আছে।
