আজ জিন্দল গোষ্ঠীর নয়া বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা::
গোটা পূর্ব ভারতের জন্য সুখবর। আজ দুপুরে রাজ্যে উদ্বোধন হচ্ছে নতুন বিদ্যুৎ কেন্দ্রের। জিন্দল গোষ্ঠীর এই নয়া বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮০০ মেগাওয়াট করে দুটো বিদ্যুৎ কেন্দ্রের জন্য জিন্দল গোষ্ঠী ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। ইতিমধ্যেই জিন্দাল কর্তৃপক্ষকে লেটার অফ অ্যাওয়ার্ড দিয়েছে রাজ্য সরকার। পূর্ব ভারতে এই ধরণের বিদ্যুৎ কেন্দ্র নেই। জিন্দল গোষ্ঠীর এই নয়া উদ্যোগে গোটা পূর্ব ভারত জুড়ে বিদ্যুৎ পরিষেবায় নতুন দিশা দেখাবে বলেও মনে করছে রাজ্য প্রশাসন। উল্লেখযোগ্য, জিন্দল গোষ্ঠীর এই নতুন বিদ্যুৎ কেন্দ্র রাজ্যবাসী তথা পূর্ব-পুর্বোত্তর ভারতের জন্য যেমন সুখবর তেমনি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের একটি মাইলফলকও বটে। ইতিমধ্যেই এই সাফল্যের কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
“আমরা খুশি যে অনেক সময়ে অনেকে অনেক কিছু বলেন যে বাণিজ্য সম্মেলনে যা বলে তাতে কাজ হয় না। বাংলার সৌভাগ্য এখন শিল্পপতিদের গন্তব্য হয়েছে বাংলা” বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের কর্মসূচির কথা ঘোষণা করতে গিয়ে এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী।
বস্তুত, বর্তমানে রাজ্যে বিদ্যুতের চাহিদা অনেকটাই বেড়েছে। গত ১১ বছরে বিদ্যুৎ উৎপাদনের বিকাশ হয়েছে ১১ শতাংশ। দেউচা-পাচামি কোল প্লান্ট হয়ে গেলে ১০০ বছরের সমস্যা মিটবে এবং তখন বিদ্যুতের দামও কমবে বলে মনে করছি রাজ্য সরকারও।
মমতার কথায়, “সারা বাংলা জুড়ে অনেক পাওয়ার প্লান্ট হচ্ছে। আগে বারবার শুনতাম লোডশেডিং-এর সরকার আর নেই দরকার। এখন কিন্তু সেই দিন নেই। আমাদেরও কিন্তু ভর্তুকি দিতে হয়। কেউ যাতে শিল্প গড়তে সমস্যায় না পড়ে।” জিন্দল গোষ্ঠীর বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও আগামীকাল পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের সূচনা হবে। মেদিনীপুর থেকে এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি একটি গ্রীন প্রজেক্ট। একটা জার্মান কোম্পানি ৮০ শতাংশ টাকা খরচ করছে। বাকি ২০ শতাংশ টাকা রাজ্য দেবে। মেদিনীপুর থেকেই ২৫ টি দমকলের গাড়ির উদ্বোধন করা হবে। তার মধ্যে ১৫টি থাকবে দীঘায়। কাটোয়াতে একটি দমকল কেন্দ্রেরও উদ্বোধন করা হবে।
