জম্মু-কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেলগাঁওের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত বাইসারানে ভয়ঙ্কর জঙ্গি হামলার দায় নিয়েছে লস্কর-ই- তৈবার ছায়া সংগঠন টিআরএফ।মঙ্গলবার বিকেল ৩টার সময় সন্ত্রাসবাদীরা নির্বিচারে গুলি চালালে অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন ভারতীয় নৌবাহিনীর কর্তা এবং একজন গোয়েন্দা ব্যুরোর কর্মী রয়েছেন।রাতেই এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাক জঙ্গিগোষ্ঠীটি। গত বছর জুন মাসে জম্মু-কাশ্মীরের রেইসি জেলায় পুণ্যার্থীদের একটি বাসে হামলা চালিয়েছিল টিআরএফ। মৃত্যু হয় অন্তত ১০ জন পুণ্যার্থীর।
মঙ্গলবারের জঘন্য হামলায় জড়িত সন্ত্রাসীদের স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলি।এই মর্মান্তিক ঘটনার সন্ত্রাসীদের খুঁজে বের করতে এবং এই ভয়াবহ হামলার পিছনের নির্মম পরিকল্পনা উদঘাটনের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
ন্যাক্কারজনক এই হামলার পর বড় আকারে তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ এলাকা ঘিরে ফেলেছে। দুর্গম অঞ্চল হওয়ায় আহতদের হেলিকপ্টারে এবং স্থানীয়দের সহায়তায় ঘোড়ায় চাপিয়ে পহেলগাঁওে নিয়ে যাওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর প্রশাসন অনন্তনাগ ও শ্রীনগরে ২৪x৭ কন্ট্রোল রুম চালু করেছে। অসহায় ও ক্ষতিগ্রস্ত পর্যটকদের সহায়তায় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো অতিরিক্ত ফ্লাইট চালাচ্ছে এবং টিকিট বাতিল ও পুনঃনির্ধারণে কোনও চার্জ নিচ্ছে না। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু বিমান সংস্থাগুলিকে দাম বাড়াতে নিষেধ করেছেন।
হামলার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দু দিনের সৌদি সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরে এসেছেন। সকালে বিমানবন্দরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বিদেশসচিব বিক্রম মিস্রিকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, “পাহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করছি। যাঁরা আপনজন হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। এই বর্বর হামলাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আমাদের সন্ত্রাসবিরোধী অবস্থান আরও দৃঢ় হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সকালে শহরের পুলিশ কন্ট্রোল রুমে নিহতদের শ্রদ্ধাঞ্জলি জানান। আজ ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বুধবার সকালে অমিত শাহ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধাও জানান। কথা বলেন তাঁদের পরিজনদের সঙ্গে। প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার রাতেই শ্রীনগর পৌঁছান তিনি। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে উপত্যকায় পৌঁছেছে জাতীয় তদন্তকারী দল এনআইএ।
এই জঙ্গি হানার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। কাশ্মীরে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলে ভারতকে এই নৃশংস হামলার দায়ীদের বিচারের আওতায় আনার জন্য পূর্ণ সমর্থন দিয়েছেন তিনি।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
