পহালগাঁওয়ের পাল্টা কড়া পদক্ষেপ মোদি সরকারের
সুদীপ্ত চট্টোপাধ্যায়
বন্ধ করা হল ভারতে ব্যবহৃত পাকিস্তানের সরাসরি এক্স একাউন্ট। বৃহস্পতিবার সকাল থেকেই ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের এক্স একাউন্ট। পহেলগাওঁ এর জঙ্গি হামলার পর পদক্ষেপ ভারত সরকারের। এর ফলে পাকিস্তান থেকে ভারতে অথবা ভারত থেকে পাকিস্তানে সরাসরি এক্স একাউন্ট ব্যবহার করা যাবে না। আপাতত অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর। গতকাল রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকের পর মূলত পাঁচটি পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন বিদেশ সচিব। সেই পঞ্চবাণের পর এবার পাকিস্তানের এক্স একাউন্ট বন্ধের সিদ্ধান্ত নিল ভারত। যতদিন পর্যন্ত সীমান্ত সন্ত্রাসে পাক প্রশাসন সম্পূর্ণ সমর্থন প্রত্যাহার না করছে ততদিন পর্যন্ত সিন্ধুর জল পাবে না ভারত, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধের সিদ্ধান্ত, যারা বৈধ নথি দেখিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন তাদের পয়লা মে-র মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ। যারা বৈধ ভিসা নিয়ে পাকিস্তান নিয়ে ভারতে এসেছেন তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ফিরে যেতে নির্দেশ। ভিসা অব্যাহতি প্রকল্পের অন্তর্গত হিসেবে কোনও পাক নাগরিককে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে সমস্ত কর্মীদের ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত এবং দিল্লির দূতাবাসের কর্মীদের পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই পরিস্থিতিতে পাকিস্তানের এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে আপাতত দু দেশের মধ্যে হিংসা বা উস্কানি বন্ধ, বিভিন্ন তথ্যের আদান-প্রদান বন্ধ করার উদ্যোগ নিল ভারত সরকার।
