পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ মাধ্যমিকে
সুদীপ্ত চট্টোপাধ্যায়
আগামী ২ মে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। আজ বিজ্ঞপ্তি জারি করে ফল প্রকাশের দিন নির্দিষ্ট করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা শেষে ঠিক ৬৯ দিনের মাথায় করা হবে ফলপ্রকাশ। ২ মে সকাল ন’টায় মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পৌনে দশটা নাগাদ তা পর্ষদের ওয়েবসাইট সহ একাধিক ওয়েবসাইটে পাওয়া যাবে। একইসঙ্গে পর্ষদের নির্দিষ্ট অ্যাপ-এ ফলাফল দেখতে পারবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। পর্ষদ সূত্রে আরও জানানো হয়েছে যে সেদিনই মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন পরীক্ষার্থীরা। জেলা স্তরের ক্যাম্প অফিস থেকে ওই দিনই মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন স্কুল শিক্ষকরা।
এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২২ ফেব্রুয়ারি। তদনুযায়ী ঠিক ৬৯ দিনের মাথায় হতে চলেছে মাধ্যমিকের ফল প্রকাশ। মধ্যশিক্ষা পর্ষদের যে ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা মাধ্যমিকের ফল দেখতে পাবেন সেটি www.result.wbbsedata.com
উল্লেখযোগ্য, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন প্রায় ৯ লক্ষ ৮৫ হাজার, যা আগের বছরের তুলনায় লক্ষণীয়ভাবে বেশি। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ২,৬৮৩টি কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে।শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ায় মাধ্যমিকের ফল প্রকাশ সঠিক সময় হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। যদিও
শিক্ষক-শিক্ষিকার সংখ্যা তত্ত্ব বিশ্লেষণ করে আমরা আগেই জানিয়েছিলাম মাধ্যমিকের ফল প্রকাশের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই নির্দেশের জন্য কোন সমস্যা হবে না। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ বেরোনোর আগেই মাধ্যমিক স্তরে খাতা দেখার প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল সে ক্ষেত্রে শুধুমাত্র স্ক্রুটিনির পর্ব শেষ করে ফল প্রকাশে তেমন বেগ পেতে হয়নি মধ্যশিক্ষা পর্ষদকে।
প্রসঙ্গত, গত বছরেও মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছিল ২ মে। তার আগের বছর ফল প্রকাশ হয়েছিল ৭৬ দিনের মাথায়। সেই তুলনায় এবছর নির্দিষ্ট সময়ের মধ্যেই পড়ে মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।
