কাশ্মীরে নিহত জওয়ান ঝন্টুর স্ত্রীকে সরকারি চাকরি ও আর্থিক সাহায্য নবান্নের
সুদীপ্ত চট্টোপাধ্যায়
জম্মু-কাশ্মীরের পাহালগাঁওয়ে জঙ্গি হানায় নিহত বিতান অধিকারীর বৃদ্ধ বাবা-মা এর চিকিৎসার সুবিধার জন্য বিতান এর বাবার নামে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ টিমে নিহত বিতান অধিকারীর বাবাকে মাসিক ১০ হাজার টাকার মাসিক পেনশনের ব্যবস্থা করছে নবান্ন। আজ এই সরকারি সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যেহেতু বিতানের টাকায় তার বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা খরচ চলত তাই বিতান এর অনুপস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে যে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য ওই পরিবারকে করা হবে তা দুটি ভাগে ভাগ করা হচ্ছে। পাঁচ লক্ষ টাকা পাবেন নিহত বিতান এর স্ত্রী এবং বাকি পাঁচ লক্ষ টাকা বিতানের বৃদ্ধ বাবা-মাকে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
বিতান অধিকারি ছাড়াও বেহালার নিহত সমীর গুহ এবং পুরুলিয়ার ঝালদার নিহত মনীষ রঞ্জন মিশ্রের পরিবারকেও ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই পরিবারগুলির পক্ষ থেকে যদি কেউ সরকারি চাকরি চান তাহলে তারও ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত নদীয়ার তেহট্টের সেনা হাবিলদার ঝন্টু আলী শেখের স্ত্রীকে বিশেষ কারণ দেখিয়ে সরকারি চাকরি দিচ্ছে রাজ্য সরকার। একইসঙ্গে নিহত জবানের পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝন্টু আলী শেখের দুটি সন্তান যারা সেনাবাহিনী স্কুলেই পড়াশোনা করতো, ঝন্টুর পরিবার চাইলে কলকাতায় থেকে সেনাবাহিনীর স্কুলে বাচ্চারা পড়াশোনা করতে পারে তার জন্য রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির জেরে যে তিনজন নিহত হয়েছেন তাদের পরিবারকেও ১০ লক্ষ করে টাকা দেওয়া হবে। আগামী মে মাসে প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদ সফরে যাবেন মুখ্যমন্ত্রী এবং তখনই তিনি সশরীরে এই পরিবারগুলির হাতে টাকা তুলে দেবেন বলে আজ ফের জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
