এককথায় বলা চলে ঢল নামল মানুষের। শনিবার চিরনিদ্রায় শায়িত হলেন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস।ভ্যাটিকানের সান্তা মার্তা গেস্টহাউসে গত সোমবার স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান ৮৮ বছর বয়সী পোপ।এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে ফ্রান্সিসই প্রথম পোপ, যাঁর শেষ ঠিকানা ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় হচ্ছে না।গত ১০০ বছরে প্রথম পোপ হিসেবে ভ্যাটিকানের বাইরে সমাহিত হচ্ছেন পোপ ফ্রান্সিস। কেননা তিনি সেন্ট পিটার্স ব্যাসিলিকার সমাধিস্থলের পরিবর্তে সান্তা মারিয়া ম্যাগিওরে সমাহিত হতে চেয়েছেন বলে জানা গেছে। ফলে ভ্যাটিকান থেকে কয়েক মাইল দূরে রোমেই সমাহিত হচ্ছেন পোপ ফ্রান্সিস।
গত ২৩ এপ্রিল সকালে পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স বাসিলিকায় আনা হয় এবং শুক্রবার সন্ধ্যায় জনসাধারণের জন্য প্রদর্শন শেষ হয়।ভক্তরা যাতে শেষ দেখা দেখতে পারেন সেজন্য এদিন সারা রাত ব্যাসিলিকা খুলে রাখা হয়।মৃত্যুর পর খোলা কফিনে শোয়ানো লাল পোশাকে পোপের মরদেহ রাখা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়।এদিন স্থানীয় সময় রাত আটটায় ধর্মীয় আচারের মধ্য দিয়ে বন্ধ করা হয় কফিন। পোপের ১২ বছরের দায়িত্বকাল হিসেবে কফিনের ভেতরে দেওয়া ১২টি স্মারক মুদ্রা। রাখা হয় একটি ধাতব পাইপের ভেতরে কাগজে পোপের পদ, দায়িত্বকাল, কর্মযজ্ঞ ইত্যাদি।
এই তিনদিনে দু লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছে বলে ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে।১৪০ কোটি রোমান ক্যাথলিকের সর্বোচ্চ নেতৃত্ব ছিল পোপ ফ্রান্সিসের হাতে।শনিবার সারা বিশ্ব তাঁকে শেষ শ্রদ্ধা জানান।পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে রোমে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার এক্স -এ পোস্টে লিখেছেন, “ভারতের জনগণের পক্ষে রাষ্ট্রপতিজি পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজের প্রতি তাঁর সেবা বিশ্ব মনে রাখবে”।
শেষকৃত্যে যোগ দিতে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে রোমে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এছাড়াও উপস্থিত রয়েছেন প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানী লেতিজিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এছাড়া প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রাক্তন ফার্স্ট লেডি জিল বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলে উপস্থিত হয়েছেন পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে। এই শেষকৃত্যে প্রায় ২ লক্ষ মানুষের সমাগম হবে অনুমান করে ইতালীয় ও ভ্যাটিকান কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে।পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভ্যাটিকান ৯ দিনের সরকারি শোক পালন করছে। তিনি ২০১৩ সালে পোপ বেনেডিক্ট ষোড়শের পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করেছিলেন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
