পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দিন অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়েন রিষড়ার বাসিন্দা ও বিএসএফ জওয়ান পর্ণব কুমার সাউ। গত চারদিন ধরে তিনি পাকিস্তানের হেফাজতে রয়েছেন। ভারত সরকারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হলেও এখনো তাঁর মুক্তি নিশ্চিত হয়নি। বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, “বুধবার বিকেল থেকে আমরা পাকিস্তানের তরফে কোনও ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছি। তবে এখনও কোনও অগ্রগতি হয়নি।” জানা গিয়েছে, পূর্ণবের স্ত্রী রজনী আজ পাঠানকোট রওনা হচ্ছেন।
এর আগে শুক্রবার বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে পতাকা বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। এ নিয়ে বিএসএফের তরফে ইতিমধ্যেই তিনবার পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এক আধিকারিকের কথায়, “আমরা নির্দিষ্ট প্রোটোকল মেনে বৈঠকের জন্য পতাকা উত্তোলন করি এবং উপস্থিতির বার্তা পাঠাই। কিন্তু প্রথমে পাকিস্তান রেঞ্জার্স কোনও প্রতিক্রিয়া দেয়নি। পরে তারা জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের জন্য অপেক্ষা করতে হচ্ছে।” ফলত, আলোচনা কোনও ইতিবাচক ফল ছাড়াই শেষ হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ার বাসিন্দা পর্ণব কুমার সাউ গত ২৩ এপ্রিল বিকেলে সীমান্তের কাছে কৃষকদের সহায়তার সময় অসাবধানতাবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেও আন্তর্জাতিক সীমান্ত মূলত ছোট ছোট স্তম্ভের মাধ্যমে চিহ্নিত। নতুন নিযুক্ত জওয়ানদের পক্ষে অনেক সময় এসব চিহ্ন বোঝা কঠিন হয়। এমনকি পাকিস্তানের নাগরিক ও নিরাপত্তাকর্মীরাও মাঝেমধ্যে ভারতের ভূখণ্ডে অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করেন, এবং ভারত মানবিক কারণে তাঁদের ফিরিয়ে দেয়।
বর্তমানে, ভারত-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান পিকে সাউকে হেফাজতে রেখে ভারতকে চাপের মুখে ফেলতে চাইছে বলে মনে করা হচ্ছে।
