“হিন্দুত্বের ধ্বজা উড়ল” এনসিইআরটি সিদ্ধান্তে ক্ষোভ শিক্ষা মহলে
সুদীপ্ত চট্টোপাধ্যায়
ওয়াকার সংশোধনী আইন পাশের পর এবার জাতীয় স্তরের ইতিহাস পাঠ্যক্রমে বদল। জাতীয় স্তরের পাঠ্যক্রমে স্থান পেল মহাকুম্ভ। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সপ্তম শ্রেণীর পাঠ্যে এবার অন্তর্ভুক্ত করা হলো মহাকুম্ভ বা কুম্ভমেলা, মেক ইন ইন্ডিয়া, বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচি। তার বিনিময়ে বাদ পড়ল মুঘল ইতিহাস ও দিল্লির সুলতানি আমল। মোদি সরকারের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এনসিইআরটি-র সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্যক্রমে এই পরিবর্তন করা হয়েছে।
রাজ্যে যেমন স্কুল শিক্ষার পাঠ্যক্রমে সিঙ্গুর আন্দোলন, কন্যাশ্রীসহ একাধিক রাজ্য সরকারি প্রকল্প স্থান পেয়েছে ঠিক তেমনি কেন্দ্রীয় পাঠক্রমে বাদ পড়লেন বাবার আকবর শাহজাহান ঔরঙ্গজেব কুতুবউদ্দিন আইবক আলাউদ্দিন খিলজিরা।
মুঘল ও সুলতানি আমলের ইতিহাস যে জাতীয় স্তরের পাঠ্যক্রম থেকে বাদ পড়তে চলেছে তা আগেই জাতীয় শিক্ষানীতির খসড়ায় ইঙ্গিত মিলেছিল। এবার সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্যের প্রথম খন্ডে জাতীয় শিক্ষানীতি মেনেই মুঘল ও সুলতানি ইতিহাসকে ব্রাত্য করল এনসিইআরটি। ইতিহাস পাঠ্যের দ্বিতীয় খণ্ডে বাদ যাওয়া বিষয়গুলি ফেরানো হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। শুধু কুম্ভমেলা বা মেক ইন ইন্ডিয়া নয় নতুন জাতীয় স্তরের পাঠ্যসূচিতে যুক্ত করা হয়েছে ভারতীয় ঐতিহ্য, দর্শন ও ভূগোলের নানা বিষয়। এনসিইআরটি জানিয়েছে “আপাতত প্রথম খন্ডের জন্য এই বদল আনা হয়েছে। জাতীয় শিক্ষানীতি মেনেই এই সিদ্ধান্ত।” তবে দ্বিতীয় খন্ডের ক্ষেত্রে বাদ যাওয়া বিষয় ফেরানো হবে কিনা অথবা নতুন করে কোন বিষয়ে বাদ বা নতুন কোনও বিষয়কে অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে কোন ইঙ্গিত দেয়নি এনসিইআরটি।
প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতির খসড়া প্রকাশের সময় থেকেই মুঘল সহ দিল্লি সুলতানি আমল কে ইতিহাসের পাঠ্যক্রম থেকে ব্রাত্য করার ইঙ্গিত মিলেছিল। জাতীয় শিক্ষানীতি নিয়ে এই কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতায় তুমুল সমালোচনার ঝড়ও উঠেছিল। কেন্দ্রের শাসক দল বিজেপি তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং হিন্দুত্বের ধ্বজা দেশব্যাপী ছড়িয়ে দিতে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলেও সমালোচিত হয় জাতীয় শিক্ষানীতি। এমনকি কুল স্তর থেকে হিন্দুত্ববাদ বা বিজেপির রাজনৈতিক এজেন্ডা ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন শিক্ষা মহলের অনেকেই। যদিও শেষ পর্যন্ত জাতীয় স্তরের ইতিহাস পাঠ্যক্রম থেকে বাদ পড়তে হল বাবর,আকবর, শাহজাহান, ঔরঙ্গজেবদের। ব্রাত্য হলেন কুতুবউদ্দিন আইবক,আলাউদ্দিন খিলজিরাও। যে মহাকুম্ভের দেশব্যাপী প্রচার করে হিন্দুত্ববাদের জাগরণ ঘটাতে চেয়েছিল বিজেপি, সেই কুম্ভ মেলাকেই এবার সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্যে অন্তর্ভুক্ত করে বকলমে হিন্দুত্বের জয়ধ্বজা ওড়ানোর চেষ্টা করছে কেন্দ্র বলে মনে করছেন রাজ্যের শিক্ষাবিদদের একাংশ।
