হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন শহরে ভাগাড়ে জমে থাকা আবর্জনার পাহাড় দীর্ঘ দিন ধরে জনস্বাস্থ্যের সংকট ও পরিবেশ দূষণের কারণ হয়ে উঠেছিল। সেই সমস্যা মেটাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল্স, ২০১৬’ মেনে রাজ্যের ১২৮টি পুরসভায় বসানো হবে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ প্লান্ট।
পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, এই প্লান্টগুলিতে পচনশীল এবং অপচনশীল বর্জ্য পৃথক করে প্রক্রিয়াকরণ করা হবে। জৈব বর্জ্য থেকে উৎপাদিত হবে জৈব সার ও বায়োগ্যাস, অন্য দিকে প্লাস্টিকের মতো অপচনশীল বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি হবে প্লাস্টিকের দানা ও বিভিন্ন সামগ্রী। রাজ্য সরকারের দাবি, এর ফলে পরিবেশ দূষণ কমবে, ভাগাড়ের দুর্গন্ধ দূর হবে এবং জনস্বাস্থ্যের ঝুঁকিও হ্রাস পাবে।
ইতিমধ্যেই কলকাতা, শিলিগুড়ি, বরাহনগর, হলদিয়া-সহ একাধিক পুরসভায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে ৯১টি পুরসভায় সম্পূর্ণরূপে কার্যকর হবে এই উদ্যোগ। যেখানে পৃথকভাবে পর্যাপ্ত বর্জ্য পাওয়া যাবে না, সেখানে একাধিক পুরসভার আবর্জনা একত্র করে কেন্দ্রীয় প্রসেসিং ইউনিটে প্রক্রিয়াকরণ করা হবে।
পুর দফতরের এক আধিকারিক জানান, “নগরায়নের ভবিষ্যত টেকসই করতে বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা অপরিহার্য। বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য পৃথক সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়ম না মানলে জাতীয় পরিবেশ আদালতের জরিমানার মুখে পড়তে হতে পারে।”
উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই ২৮টি পুরসভার ৪২টি ভাগাড় বিজ্ঞানসম্মতভাবে পরিষ্কার করা হয়েছে এবং ৭৬.৫৫ লক্ষ মেট্রিক টন বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করা সম্ভব হয়েছে। রাজ্য সরকারের আশা, প্রকল্প সফল হলে পুর এলাকায় বর্জ্য সমস্যার দৃশ্যমান উন্নতি হবে।
