ভিন রাজ্য থেকে বাংলার পরিযায়ীদের ফিরতে আহ্বান, ” ভিক্ষে চাইবেন না” বার্তা মুখ্যমন্ত্রীর
সুদীপ্ত চট্টোপাধ্যায়
মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তি থেকে দীঘার জগন্নাথ মন্দির ইসু। ফের কেন্দ্র তথা বিজেপিকে নিশানা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ মুর্শিদাবাদের সুতিতে সরকারি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ” রাজ্যে রাজ্যে বিরোধ লাগালে দেশ ভালো থাকে না। রাজপাট ভালো থাকে না। রাজধর্ম পালন করতে জানতে হয়। মনটাকে পবিত্র করুন।” শুধুমাত্র ধর্মীয় বিভাজন বা বিভেদের রাজনীতির কথাই নয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রেও কেন্দ্র যে রাজ্যগুলোর সঙ্গে বৈষম্য মূলক আচরণ করছে সে কথাও উল্লেখ করতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের পর আজ ফের ভিন রাজ্যে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার ঘটনা উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ” রাজ্যের মুখ্য সচিব ইতিমধ্যেই কেন্দ্রকে এবিষয়ে চিঠি দিয়ে রাজ্যে রাজ্যে বিরোধ থামানোর আবেদন করেছেন এবং সাংবিধানিক ব্যবস্থা মেনে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যাতে অক্ষুন্য থাকে তার জন্য কেন্দ্রকে উদ্যোগী হতে আবেদন জানিয়েছেন।” রাজ্যে রাজ্যে বাংলায় কথা বলা পরিযায়ী শ্রমিকরা কেন আক্রান্ত হচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর পাল্টা হুশিয়ারি ” দরকার নেই ভিক্ষে চাওয়ার ।যারা বাইরে অন্য রাজ্যের হাতে মার খাচ্ছেন তাদের পরিবারকে বলব ওদেরকে ফিরিয়ে আনুন। সংশ্লিষ্ট জেলা শাসকরা কর্মশ্রী প্রকল্পে ওদের কাজ দেবে। একটা ছোট দোকান করলেও সরকার ঋণ দেয়, চিন্তা করবেন না। রাজ্য সরকার যেমন বিনা পয়সায় রেশন দেয় বিনা পয়সায় শিক্ষা দেয় বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা দেয় তেমনি আমরা নিকট চাই কাজের সুযোগ দেব।” মুখ্যমন্ত্রীর পাল্টা প্রশ্ন ” আমরা যদি সব রাজ্যের মানুষকে ভালোবাসি তাহলে কেন আমাদের ভাই বোনেদের গায়ে অন্য রাজ্য হাত দেবে? বাংলায় কথা বললেই কেন তাদের অত্যাচারিত হতে হবে? “এই বিভাজনের রাজনীতি হিংসা ছড়ানোর রাজনীতি বন্ধ করতে হবে কেন্দ্রকে।” পাল্টা দাবি মমতার।
