অগ্নিগর্ভ মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক সভা থেকে এবার নতুন মহকুমা গঠনের কথা জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতিতে সোমবার দুপুরে আয়োজিত জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, নতুন মহকুমা গঠিত হবে সুতি, ধুলিয়ান ও ফরাক্কা নিয়ে। তাহলে আর এলাকার মানুষকে দূরে যেতে হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অত্যন্ত স্পর্শকাতর ওই এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলো।
সুতির সভামঞ্চে উপস্থিত হয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ফরাক্কা, ধুলিয়ান, সুতি লোকসভা নির্বাচনে মালদার সাথে পড়ে। আর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। এই জায়গাটায় প্রশাসনকে আরও শক্তিশালী করার জন্য সুতি, ধুলিয়ান ও ফরাক্কা নিয়ে নতুন মহকুমা অফিস তৈরি করা হচ্ছে। আশা করি এক মাস দেড় মাসের মধ্যে হয়ে যাবে। তাহলে আপনাদের আর কষ্ট করে দূরে যেতে হবে না। বাড়ির কাছাকাছি সুতি, ধুলিয়ান ও ফরাক্কার মধ্যবর্তী কোনও স্থানে এই মহকুমা সদর দফতর তৈরি হবে।”
প্রসঙ্গত, বর্তমানে রাজ্যের ২৩টি জেলায় মহকুমা রয়েছে ৬৯টি। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মহকুমার সংখ্যা বেড়ে হতে হবে ৭০টি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ সীমান্ত লাগোয়া অত্যন্ত স্পর্শকাতর ওই এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্যই এহেন পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে জঙ্গিপুর মহকুমার আওতায় রয়েছে ধুলিয়ান, সুতি ও ফরাক্কা। এপ্রিল মাসে ওই এলাকায় ধর্মকে কেন্দ্র করে শুরু হওয়া তুমুল দাঙ্গায় গোটা দেশে মুখ পুড়েছে মমতা সরকারের। আবারও যাতে সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়, তাই মুখরক্ষা করার জন্যই ৩টি ব্লক নিয়ে নতুন মহকুমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
