সুদীপ্ত চট্টোপাধ্যায়
পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নির্দিষ্ট সময়ে উপভোক্তাদের হাতে পৌঁছে দিতে তৎপর নবান্ন।
চলতি মাসেই বাংলার বাড়ি প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য সরকার বলে রাজ্য অর্থ দপ্তর সূত্রে খবর। প্রথম পর্যায়ে ৮ লক্ষ উপভোক্তা, যাদের বাড়ির লিনটন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে, প্রথমে তাঁদের টাকা ছাড়া হবে বলে অর্থ দফতর সূত্রে জানা গেছে। বাকি ৪ লক্ষ উপভোক্তার বাড়ির বকেয়া কাজ যাতে দ্রুত শেষ হয় পঞ্চায়েত দফতরকে সে ব্যাপারে নিয়মিত নজরদারি করতে বলা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব যাতে তাঁদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া যায় সে ব্যাপারে পঞ্চায়েত দপ্তরকে নিশ্চিত করতে বলেছে নবান্ন। বলে আশা করা হচ্ছে। অর্থ দফতরের আশা চলতি মাসের মধ্যেই দুভাবে ১২ লক্ষ উপভোক্তার কাছে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়া যাবে। প্রাথমিক পর্যায়ে ৮ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় ৪৮০০ কোটি টাকা খরচ হচ্ছে। এছাড়া, মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি তৈরি করে দেওয়া হবে। তাদের প্রথম কিস্তির টাকা দিতে প্রস্তুতি শুরু করেছে রাজ্য অর্থ দফতর। এছাড়া মালদা ও মুর্শিদাবাদের গঙ্গা ভাঙ্গন রোধে, মুর্শিদাবাদের ১৭৫ টি নতুন স্বাস্থ্য কেন্দ্র তৈরি এবং ধুলিয়ান ফরাক্কা ও সুতিকে সংযুক্ত করে নতুন মহকুমা গঠনের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দেবে রাজ্য দপ্তর। এই যাবতীয় অর্থের সংস্থান করার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে অর্থ দপ্তর জানিয়েছে।
