স্নিগ্ধা চৌধুরী
পাকিস্তান সেনার বিনা উসকানিতে মধ্যরাতের গোলাবর্ষণে ফের রক্তাক্ত পুঞ্চ। ভারতের কাশ্মীর সীমান্তের মেধর এলাকায় ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের তরফে শুরু হয় তীব্র গোলাবর্ষণ। প্রাণ হারালেন তিন নিরপরাধ সাধারণ নাগরিক। নিহতদের মধ্যে রয়েছেন এক মহিলা। রুবি কৌর। বাকিরা হলেন মহম্মদ আদিল ও সেলিম হুসেন। কুপওয়ারার সালামাবাদ গ্রামেও হামলা চালায় পাক সেনা, যেখানে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন সাধারণ নাগরিক। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়িও।
ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এই গোলাবর্ষণ ছিল সম্পূর্ণ বিনা প্ররোচনায়। কিন্তু তার পরেও পাল্টা জবাবে চুপ করে থাকেনি ভারত। ‘অপারেশন সিঁদুর’-এর অঙ্গ হিসেবেই কড়া প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। ৯টি জঙ্গি ঘাঁটিতে হানা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে সেগুলি। সেনা সূত্রে খবর, শ্রীনগরের বিমানবন্দরেও সতর্কতা হিসেবে স্থগিত রাখা হয়েছে সমস্ত অসামরিক বিমান পরিষেবা। ভারতীয় সেনা এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছে বিমানবন্দরটি।
পহেলগাঁওয়ে সম্প্রতি পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার জবাবে এই অপারেশন শুরু করেছিল ভারতীয় সেনা। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দেন, হামলাকারী বা ষড়যন্ত্রী কাউকেই ছাড়া হবে না। সেই বার্তার প্রতিফলনই এখন দেখা যাচ্ছে সীমান্তে।
পাকিস্তানের এই উস্কানিমূলক আচরণের জেরে উত্তেজনা আরও বাড়ছে সীমান্তে। তবে কড়া হুঁশিয়ারি দিয়ে ভারত জানিয়ে দিয়েছে, কোনও হামলা আর ছাড় পাবে না। সাধারণ নাগরিকদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মেধর ও কুপওয়ারায়। তবু সীমান্তে শান্তি ফিরিয়ে আনার অঙ্গীকারে অটল ভারত। ‘সিঁদুর’ অপারেশনে স্পষ্ট বার্তা রক্ষা ও প্রতিরক্ষা একসাথে চালাবে ভারত।
