২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল সোমবার, পরীক্ষার মাত্র ৫০ দিনের মাথায়। দ্রুত ফল প্রকাশে যেমন রেকর্ড তৈরি করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তেমনি চমকপ্রদ ফলাফলে উচ্ছ্বসিত পড়ুয়া থেকে অভিভাবক, শিক্ষক থেকে শিক্ষা মহল থেকে সবাই।
চলতি বছরের পরীক্ষায় বসেছিল মোট ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী। পাশের হার ৯০.৭৯ শতাংশ, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি (২০২৪ সালে পাশের হার ছিল ৯০ শতাংশ)। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, “২০২০, ২০২১ ও ২০২২ সালের বিশেষ পরিস্থিতি বাদ দিলে, গত কয়েক বছরের মধ্যে এবারের ফলাফলই সেরা।”
প্রথম দশে স্থান পেয়েছে মোট ৭২ জন পরীক্ষার্থী। সর্বোচ্চ নম্বর ৪৯৭ পেয়ে রাজ্যের শীর্ষ স্থানে রয়েছেন পূর্ব বর্ধমানের সিএমএস হাইস্কুলের ছাত্র রূপায়ন পাল। তার প্রাপ্ত নম্বর ৯৯.৪ শতাংশ। দ্বিতীয় স্থান অধিকার করেছে কোচবিহারের বক্সিরহাট হাইস্কুলের ছাত্র তুষার দেবনাথ তার নম্বর ৪৯৬ (৯৯.২%)। তৃতীয় স্থানে রয়েছে হুগলির আরামবাগ হাইস্কুলের ছাত্র রাজর্ষি অধিকারী, যার প্রাপ্ত নম্বর ৪৯৫ (৯৯%)।
চতুর্থ স্থানে এবং মেয়েদের মধ্যে প্রথম হয়েছে বাঁকুড়ার সোনামুখি হাইস্কুলের ছাত্রী সৃজিতা ঘোষাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৪ (৯৮.৮%)। ৪৯৩ নম্বর (৯৮.৬%) পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন মোট ৬ জন পরীক্ষার্থী। তারা হলেন, পশ্চিম মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র বীরেশ ঘোষ, হুগলির আরামবাগ হাইস্কুলের প্রান্তিক গঙ্গোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর বিদ্যাপীঠ হাইস্কুলের তন্ময় প্রতীক, পূর্ব বর্ধমানের কাটোয়ার কাশীরাম দাস ইনস্টিটিউশনের ঋদ্ধিক পাল, পূর্ব বর্ধমানের ভাতার এমপি হাইস্কুলের কুন্তল চৌধুরী এবং কোচবিহারের মণীন্দ্রনাথ হাইস্কুলের ছাত্রী ঐশী দাস, যিনি মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থানে।
চলতি বছরে ছেলেদের পাশের হার ৯২.৩ শতাংশ, যেখানে মেয়েদের পাশের হার ৮৮.১৮ শতাংশ। জেলার মধ্যে সবচেয়ে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুরে, ৯৫.৭৪ শতাংশ। ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে পড়ুয়াদের মধ্যে দেখা যায় উল্লাস ও আনন্দ। প্রথম তিনে স্থান পাওয়া পড়ুয়াদের বাড়িতে ভিড় জমিয়েছেন আত্মীয়-পরিজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। অনেক স্কুলে ঢাক-ঢোল পিটিয়ে অভিনন্দন জানানো হয়েছে কৃতীদের। শিক্ষা সংসদের বক্তব্য, ভবিষ্যতে আরও দ্রুত ফলপ্রকাশ এবং পরীক্ষার মানোন্নয়নের দিকে নজর দেওয়া হবে।
