এক লহমায় মধুচন্দ্রিমা বদলে গিয়েছিল শবযাত্রায়! জঙ্গিদের গুলি মুছে দিয়েছিল সিঁথির সিঁদুর। তাৎপর্যপূর্ণ ভাবে সেই সিঁদুর শব্দবন্ধ ব্যবহার করেই পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গিঘাঁটি চুরমার করে দিল ভারতীয় সেনা। মঙ্গলবার রাতে একের পর এক বিমানহানায় তছনছ ৯টি জঙ্গিঘাঁটি। মৃত্যু বহু জঙ্গির। পরিভাষায় অপারেশান সিঁদুর। পহেলগামে নিহত নৌসেনা অফিসার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশী এ বার অপারেশান সিঁদুরের জন্য কৃতজ্ঞতা জানালেন সরকারের প্রতি।
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বললেন, “আমার স্বামী প্রতিরক্ষা বাহিনীতে ছিলেন এবং তিনি শান্তি রক্ষা করতে চেয়েছিলেন, নিরীহ মানুষের জীবন বাঁচাতে চেয়েছিলেন। তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে, এ দেশে কোনও ঘৃণা বা সন্ত্রাস থাকবে না। সরকারের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আমি তাদের কাছে অনুরোধ করব, যেন এখানেই শেষ না হয়। আমি চাই, সরকার নিশ্চিত করুক যে, এটা আমাদের দেশে সন্ত্রাসের অবসানের শুরু।”
পহেলগাঁও কাণ্ডের পর সমাজমাধ্যম তো বটেই, বিভিন্ন সংবাদমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছিল। ফাঁকা বৈসরন উপত্যকায় পড়ে এক রক্তাক্ত দেহ। দেহের পাশে হাঁটু মুড়ে মাথা ঝুঁকিয়ে দেহের দিকে চেয়ে এক মহিলা। অদূরে পড়ে একটি ব্যাগ। জানা যায়, ওই ব্যক্তি এবং মহিলা সম্পর্কে স্বামী-স্ত্রী। নবদম্পতি। মধুচন্দ্রিমায় পহেলগাঁওয়ে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু ২২ এপ্রিল জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ওই ব্যক্তি, নাম বিনয় নারওয়াল। হাসিখুশি বিনয়ের দেহ বাড়ি ফেরে কফিনবন্দি হয়ে। সে দিনের বিভীষিকা কাটিয়ে উঠতে পারেননি বিনয়ের স্ত্রী হিমাংশী। তবে তিনি এ-ও মনে করেন, ২২ এপ্রিলের ঘটনার জন্য কখনই কাশ্মীরিদের দায়ী করা উচিত নয়! সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে হিমাংশী বলেছিলেন, ‘‘আমরা চাই না মানুষ মুসলিম বা কাশ্মীরিদের বিরুদ্ধে যাক। আমরা শান্তি চাই, শুধু শান্তি! সঙ্গে ন্যায়বিচারও চাই।’’
হিমাংশী যে ভাবে ঘৃণা ও বিদ্বেষের বিরুদ্ধে বার্তা দিয়েছেন, তার জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন দেশের প্রথম নৌসেনা প্রধানের কন্যা তথা ১৩তম নৌসেনা প্রধানের স্ত্রী ললিতা রামদাস। যদিও হিমাংশীর বলা এই কথা হজম হয়নি অনেকের। সদ্য স্বামীহারাকে ঘিরে চলেছিল কুৎসিত আক্রমণ। লাগাতার চরিত্রহানি। পরিস্থিতি এমন হয় যে, মহিলা কমিশনকে হস্তক্ষেপ পর্যন্ত করতে হয়। সেই হিমাংশী অপারেশান সিঁদুরের সাফল্যে খুশি। একই সঙ্গে তিনি চান, এখানেই না থেমে দেশ থেকে সন্ত্রাসবাদকে সমূলে উপড়ে ফেলতে যেন চেষ্টার কসুর না করে সরকার।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
