ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার মাঝেই উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর সীমান্ত। পহেলগাঁও হামলার পাল্টা জবাবে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ কার্যত কাঁপিয়ে দিয়েছে পাকিস্তানকে। আর সেই উত্তাপেই পাক বাহিনী পাল্টা হামলার চেষ্টা চালায় জম্মু, পাঠানকোট ও উধমপুর এলাকায়। তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই চক্রান্ত ভেস্তে যায়। জম্মুর আকাশেই ধ্বংস হয় একাধিক পাক ড্রোন।
এই রক্তগরম পরিস্থিতিতেই সামনে এল এক আবেগঘন পোস্ট। অভিনেতা আলি গণি, যিনি নিজে জম্মুর বাসিন্দা, সোশ্যাল মিডিয়ায় এক হৃদয়স্পর্শী বার্তা শেয়ার করে জানালেন নিজের উদ্বেগের কথা।
বর্তমানে দেশের বাইরে শুটিংয়ে ব্যস্ত আলি লিখেছেন, “আমি দেশের বাইরে থাকলেও মন পড়ে রয়েছে জম্মুতে। মা-বাবা সেখানেই থাকেন। গত বৃহস্পতিবারের ড্রোন হামলা নিজের চোখে দেখেছেন তাঁরা। ফোনে যখন তাঁদের ভয় কণ্ঠে কথা শুনছিলাম, তখন হৃদয় কেঁপে উঠেছিল। ঈশ্বরের কৃপায় তাঁরা সুস্থ আছেন। আমাদের সেনাবাহিনীকে স্যালুট, ভারতীয় বায়ুসেনাকে অসংখ্য ধন্যবাদ।’’
তিনি আরও লেখেন, “যাঁরা সোশ্যাল মিডিয়ায় নানা কিছু বলছেন, তাঁরা হয়তো পরিস্থিতির ভয়াবহতা ঠিকমতো বুঝতে পারছেন না। সীমান্তবর্তী এলাকায় যাঁরা থাকেন, তাঁদের প্রতিদিন আতঙ্কে কেটে যাচ্ছে। তাঁদের বাস্তবতাই সবচেয়ে কঠিন।”
এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বহু অনুরাগী আলির পরিবারের সুস্থতা কামনা করেছেন। অনেকে আবার প্রশংসা করেছেন তাঁর সাহসিকতার, যেভাবে তিনি সত্যি কথাগুলো সামনে এনেছেন।
এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সীমান্তে যখন যুদ্ধ পরিস্থিতি, তখন শুধু সেনাই নয়, তাঁদের পরিবার, স্থানীয় মানুষ, এমনকি প্রবাসে থাকা আত্মীয়রাও কী গভীর উদ্বেগে দিন কাটান।
ভারতের প্রতিটি নাগরিকের এখন একটাই কামনা, সীমান্তে শান্তি ফিরে আসুক, দেশবাসী নিরাপদ থাকুক। আর সেই আশা নিয়েই আলির মতো হাজারো মানুষের প্রার্থনা, “ঈশ্বর সকলকে রক্ষা করুন।”
