বর্তমান ভূরাজনৈতিক টানাপোড়েনের আবহে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সেই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা পোস্ট করলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কিরণ দত্ত, যিনি ‘থাট বেঙ্গালি’ নামেই বেশি পরিচিত। ইনস্টাগ্রামে দেওয়া এই ভিডিওতে তিনি নাগরিকদের সাইবার সুরক্ষা ও তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
তিনি বলেন, “গত দু’দিন ধরে প্রচুর ভুয়ো খবর ঘুরছে। তাই আগে ঠিক খবর জানতে ভারত সরকারের ও ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল পেজ ফলো করুন। সংবাদমাধ্যমের একাংশ ভুল খবর ছড়াচ্ছে। তাই যাচাই না করে কিছুই শেয়ার করবেন না।”
তবে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো, তিনি সাইবার অ্যাটাকের সম্ভাবনার দিকটি সামনে আনেন—যা অনেকেরই চোখ এড়িয়ে গিয়েছিল। কিরণ সতর্ক করে বলেন, “হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো অ্যাপে সাবধান থাকুন। হোয়াটসঅ্যাপে অটো-ডাউনলোড বন্ধ রাখুন। কোনও অচেনা নম্বর থেকে মেসেজ, পিডিএফ বা ফাইল এলে খুলবেন না।” তিনি আরও পরামর্শ দেন, ফোনের সেটিংসে গিয়ে সরকারের তরফে পাঠানো নোটিফিকেশন সক্রিয় করে রাখার জন্য, কারণ অনেক সময় এই সেটিংসটি ডিফল্টভাবে বন্ধ থাকে।
কিরণের এই বক্তব্যে শুধু সতর্কতাই নয়, আশ্বাসও ছিল। তিনি বলেন, “দেশের উপর ভরসা রাখুন, সেনাবাহিনীর উপর ভরসা রাখুন। অযথা ভয় পাবেন না এবং ভুল খবর ছড়াবেন না।”
তাঁর এই ভিডিওর নিচে সাধারণ মানুষের প্রতিক্রিয়া থেকেই বোঝা যাচ্ছে, এই বার্তা অনেকেই গুরুত্ব দিয়ে নিয়েছেন। একজন মন্তব্য করেছেন, “সাইবার অ্যাটাকের বিষয়টা অনেক সময় মাথা থেকে বেরিয়ে যায়। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে এটা একটা বড় হুমকি হতে পারে। কিরণ খুব দরকারি কথা বলেছেন।”
বর্তমান পরিস্থিতিতে, যেখানে তথ্যই অস্ত্র হয়ে উঠছে, সেখানে এমন বার্তা নিঃসন্দেহে প্রয়োজনীয়। কিরণ দত্তের মতো জনপ্রিয় মুখ যখন সাইবার সচেতনতার বার্তা দেন, তখন তা তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। সাইবার সুরক্ষা আর শুধু প্রযুক্তিগত বিষয় নয়—এখন এটি জাতীয় নিরাপত্তার অংশ। এই বার্তা নাগরিক সমাজের সকল স্তরে পৌঁছানো জরুরি।
