পাঁচ টেস্টের সিরিজ খেলতে
জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। তার আগে ঐতিহাসিক কীর্তি গড়লেন রবীন্দ্র জাদেজা। টেস্টে আইসিসির ক্রমতালিকায় বিশ্বের অলরাউন্ডারদের মধ্যে তিনি শীর্ষস্থান ধরে রেখেছেন ১১৫১ দিন ধরে, যে নজির আর কারও নেই।
কখনও বল হাতে ম্যাজিক দেখান জাড্ডু। কঠিন পিচে ম্যাচ জেতাতে বা ম্যাচ বাঁচাতে চওড়া হয় জাদেজার ব্যাট। নিশ্চিতভাবেই অলরাউন্ডারদের তালিকায় বিশ্বের ১ নম্বর হিসেবে থাকার নজির জাদেজা আরও উন্নত করার সুযোগ পাবেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যবধান বাড়ানোরও চেষ্টা চালাবেন ইংল্যান্ড সফরে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে ১১৬ রান করার পাশাপাশি ১৫ উইকেট নিয়ে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় ২ নম্বরে উঠে এলেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডার কেরিয়ারের সেরা রেটিং (৩২৭) সুনিশ্চিত করলেও জাদেজার চেয়ে পিছিয়ে ৭৩ পয়েন্টে। টেস্টে ব্যাটার ও বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন যথাক্রমে জো রুট ও যশপ্রীত বুমরাহ।
