মমতার ঘোষণার সঙ্গে সঙ্গেই জেলায় জেলায় দলের রাজ্য সভাপতির নির্দেশ
সুদীপ্ত চট্টোপাধ্যায়
দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই আগামী শনিবার ও রবিবার দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দু ঘণ্টার জাতীয়তা বাদী কর্মসূচি প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জেলায় জেলায় দলীয় সভাপতি চেয়ারম্যান সংশ্লিষ্ট বিধায়ক সাংসদ এবং দলের সমস্ত শাখা সংগঠনের উদ্দেশ্যে দলনেত্রীর ঘোষিত এই কর্মসূচি যাতে সফলভাবে পালন করা হয় তার নির্দেশ দিয়েছেন। রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে এবং কলকাতা শহরের প্রতিটি ওয়ার্ডে ট্রাফিক চলাচল এবং সাধারণ জনজীবন ব্যাহত না করে জাতীয়তাবাদী মিছিল করার নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি। দেশের সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষতা ও অখন্ডতা রক্ষার পাশাপাশি শত্রুর মোকাবিলা করে দেশরক্ষার কাজে সেনাবাহিনীর ভূমিকাকে কুর্নিশ জানিয়ে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন এর উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বার্তাই জেলা ও ব্লক স্তরের নেতাকর্মীদের কাছে পাঠিয়ে কিভাবে এই কর্মসূচি পালন করতে হবে তার একটি আগাম পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি। মূলত শহীদ জওয়ান ও মনীষীদের ছবি বা প্ল্যাকার্ড হাতে নিয়ে এই মিছিল করা হবে। মিছিল শেষে সমাবেশ বা ছোট মিটিং করতে হবে। সেই সমাবেশ থেকে কোন রাজনৈতিক বক্তব্য করা যাবে না। শুধুমাত্র দেশের বীর সেনানিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং তাদের আত্মত্যাগ ও জাতীয়তাবাদ সম্বন্ধীয় বক্তব্য রাখতে হবে। স্থানীয় স্তরে কোনও শহীদ জওয়ানের পরিবার থাকলে তাদের আত্মত্যাগের কথা যেমন বলতে হবে তেমনি সেই পরিবারকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করতে হবে। বলেও নির্দেশ দিয়েছেন শাসকদলের রাজ্য সভাপতি।
