‘পাকিস্তান আছে পাকিস্তানেই’ বোঝালো শাহবাজ শরীফ সরকার
সুদীপ্ত চট্টোপাধ্যায়
সন্ত্রাসবাদি রাষ্ট্র বা সন্ত্রাসবাদীদের মদতকারী হিসেবে আন্তর্জাতিক দুনিয়া পাকিস্তানকে যতই চিহ্নিত করুক না কেন পাকিস্তান আছে পাকিস্তানেই।
‘অপারেশন সিঁদুর’ এ খতম হাওয়া রাষ্ট্রপুঞ্জ ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী মাসুদ আজহারের ১৪ আত্মীয়ের পরিবারকে মাথাপিছু এক কোটি টাকা করে মোট 14 কোটি টাকা। ক্ষতিপূরণ দিচ্ছে পাকিস্তান সরকার। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দপ্তরের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে ভারতীয় হামলায় নিহতদের পরিবারকে মাথাপিছু এক কোটি টাকা করে মোট ১৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে পাক সরকার। লাহোর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভাওয়ালপুরে যেইসের মূল ঘাঁটিতে ভারতীয় সেনার হামলায় মাসুদ আজহারের আত্মীয় ও ঘনিষ্ঠ ১৪ জন নিহত হন। সরকারি সূত্রে খবর, এই ১৪ জনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ১৪ কোটি টাকা দিচ্ছে শাহবাজ শরীফের সরকার।
উল্লেখযোগ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগাওঁয়ে জঙ্গি আক্রমণে ২৬ জন নিরীহ ভারতীয় নিহত হন। আন্তর্জাতিক তথ্য প্রমাণ থেকে নির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতে জানা যায় যেই মোঃ প্রধান মাসুদ আজহারের মস্তিষ্কপ্রসূত এই হামলার ঘটনা। ২৬/১১, পাঠানকোট হামলা সহ বিভিন্ন সন্ত্রাসবাদি হামলা যার মস্তিষ্কপ্রসূত, রাষ্ট্রপুঞ্জের বিচারে যাকে ‘ দাগি ‘ বলে ঘোষণা করা হয়েছে জইশ প্রধান সেই মাসুদ আজহারের মূল ঘাঁটি ভাওয়ালপুরে আক্রমণ করে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর এর এই হানায় নিহত হন মাসুদ ঘনিষ্ঠ ১৪ আত্মীয়। এবার মাসুদ আজহারের নিকট আত্মীয়দের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছে পাক সরকার। ভারতীয় সেনা অপারেশন সিঁদুর এ খতম হয়েছেন মাসুদ আজহারের ভাই আব্দুল রউফ, যাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে আমেরিকাও। সেই রউফের মৃতদেহের কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা মুড়ে দেওয়া এবং পাকিস্তান সেনা সশরীরে হাজির থেকে রউফের মৃতদেহকে শ্রদ্ধা জ্ঞাপন করার ছবি প্রকাশ্যে এসেছে এবং আন্তর্জাতিক দুনিয়া জুড়ে তার সমালোচনা হয়েছে। তা সত্ত্বেও সন্ত্রাসবাদের
“আঁতুড়ঘর” হিসেবে চিহ্নিত হয়েও কোন হুঁশ ফেরেনি পাকিস্তানের। আন্তর্জাতিক দুনিয়ায় বারবার নিন্দিত হয়েও রাষ্ট্রপুঞ্জ ঘোষিত ‘দাগি’আন্তর্জাতিক সন্ত্রাসবাদী মাসুদ আজহারের আত্মীয়দের সরকারি কোষাগার থেকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে নিজেদের স্বরূপ ফের চিনিয়ে দিয়ে শাহবাজ শরীফের সরকার বুঝিয়ে দিল ‘ পাকিস্তান আছে পাকিস্তানেই’।
