স্নিগ্ধা চৌধুরী
জম্মু-কাশ্মীরে ফের উত্তপ্ত পরিস্থিতি। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার জঙ্গি দমন অভিযান চালিয়ে এক জইশ-ই-মহম্মদ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। বৃহস্পতিবার ভোরে পুলওয়ামার ত্রাল এলাকার নাদির গ্রামে শুরু হয় তীব্র গুলির লড়াই। এখনও পর্যন্ত আরও ২-৩ জন জঙ্গি ঘাঁটিতে লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে বলে সেনা সূত্রে খবর।
এর মাত্র দুই দিন আগেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান এলাকায় এনকাউন্টারে তিন লস্কর-ই-তইবার জঙ্গিকে নিকেশ করেছিল সেনা। সেই সময় উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গ্রেনেড, একাধিক আগ্নেয়াস্ত্র এবং সন্দেহভাজন জঙ্গিদের অর্থ-ব্যবহার করা ব্যাগ। এসব তথ্যের ভিত্তিতেই সেনা ফের জঙ্গি গতিবিধির সূত্র ধরে নতুন করে অভিযান চালায় পুলওয়ামায়।
প্রসঙ্গত, সম্প্রতি ভারত-পাক যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল ১০ মে। তবে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। বরং, সীমান্তে পাক সেনার আগ্রাসন, এবং জঙ্গিদের চলাফেরা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ‘অপারেশন সিঁদুর’-এর পর এবার ‘অপারেশন কেল্লার’ নামে নতুন জঙ্গি দমন মিশনে নেমেছে ভারতীয় সেনা।
এই নতুন অভিযানের অংশ হিসেবেই পুলওয়ামার এনকাউন্টার। সেনার একাংশের দাবি, জইশ জঙ্গিদের গোপন আস্তানা চিহ্নিত করে তাদের ঘিরে ফেলে সেনা। প্রাথমিক গুলির লড়াইয়ে একজন নিহত হয়, বাকিদের খোঁজে এখনও চলছে চিরুনি তল্লাশি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বলেছিলেন, অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, স্থগিত রয়েছে মাত্র। দেশের নিরাপত্তার প্রশ্নে একটুও ছাড় দেওয়া হবে না। সেনার একের পর এক সফল অভিযান সেই বার্তাকেই স্পষ্ট করছে।
কাশ্মীরে একের পর এক এনকাউন্টার পরিস্থিতির ভেতরে থাকলেও সেনার জঙ্গি দমন সাফল্য নতুন করে আশ্বাস দিচ্ছে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে। অপেক্ষা, পরবর্তী পদক্ষেপের।
