কাশ্মীরের পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলার পাল্টা জবাব হিসেবে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। মাত্র ২৩ মিনিটে পাকিস্তান সীমান্তে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বলে দাবি কেন্দ্রীয় সরকারের। এই অভিযানে ভারত শক্তিশালী বার্তা পাঠিয়েছে পাকিস্তানকে এবং গোটা দেশজুড়ে প্রশংসাও কুড়িয়েছে। কিন্তু এই অভিযানের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা ও সাংসদ সৌগত রায়।
সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌগত রায় বলেন, “এটা কোনও যুদ্ধই নয়। কিছু এরিয়াল ভেহিকেল আর ড্রোন এদিক থেকে ওদিক গেছে। কোথায় ধ্বংস হয়েছে জঙ্গি ঘাঁটি? যদি সত্যি ধ্বংস হয়ে থাকে, তাহলে তার প্রমাণ দেখাক কেন্দ্র।” তিনি আরও দাবি করেন যে সরকার যে ছবি প্রকাশ করেছে, তা থেকে স্পষ্ট নয় যে সেটি আদৌ কোনও সক্রিয় জঙ্গিঘাঁটি কিনা, কিংবা সেখানে পাকিস্তানের কোনও অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়েছে কিনা।
সৌগত রায়ের এমন মন্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে যখন গোটা দেশ অপারেশন সিঁদুর-কে ‘গর্বের প্রতিচ্ছবি’ হিসেবে দেখছে, ঠিক তখনই শাসক দলের এক সাংসদের এমন মন্তব্য প্রশ্ন তুলছে জাতীয় নিরাপত্তা ও সেনার সাফল্য নিয়ে। এর ফলে শাসক দলকেও পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে।
তবে এটি নতুন নয়। আগেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সৌগত রায়। তবে এবারে সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযানের বিরুদ্ধে এই প্রশ্ন তুলেছেন তিনি, যা তাকে নিয়ে আবারও বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। এখন দেখার, কেন্দ্র এই দাবির জবাবে কী অবস্থান নেয়।
