আবার ভারত বিরোধী মন্তব্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে, এ বার আর পাকিস্তান নয়, ট্রাম্পের নিশানায় বিশ্ববিখ্যাত ইলেক্ট্রনিক্স সংস্থা অ্যাপল। ট্রাম্পের আপত্তি, কেন তারা আমেরিকার বদলে ভারতে আইফোন উৎপাদন করবে? অ্যাপল সিইও টিম কুককে ট্রাম্প সাফ বলেছেন, তিনি চান না অ্যাপল ভারতে কারখানা বানিয়ে সেখানে আইফোন তৈরি করুক। ট্রাম্প বলেছেন, ‘ভারত নিজের ভাল নিজেই বুঝে নিতে পারে।’
বৃহস্পতিবার দোহায় একটি অনুষ্ঠানে ট্রাম্প জানান, টিম কুকের সঙ্গে তার ‘ছোটখাটো সমস্যা’ হয়েছে। ট্রাম্প বলেন, “আমি তাঁকে বলেছি, আমার বন্ধু, আমি তোমাকে অনেক ভাবে সমর্থন করছি। তুমি ৫০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছো, কিন্তু এখন শুনছি, তুমি ভারত জুড়ে কারখানা তৈরি করছ! আমি চাই না তুমি ভারতে কারখানা বানাও। বানাতে পারো, যদি তুমি ভারতকে সাহায্য করতে চাও। কারণ ভারত বিশ্বের অন্যতম উচ্চ শুল্ক আরোপকারী দেশ। তাই ভারতে মাল বিক্রি করা খুব কঠিন।”
ট্রাম্পের আরও দাবি, নয়াদিল্লি ওয়াশিংটনের কাছে এমন এক প্রস্তাব দিয়েছে যেখানে তারা আমেরিকান পণ্যের ওপর শুল্ক চাপাবে না। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এমন কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ট্রাম্প বলেন, “তারা (ভারত) এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে আমাদের পণ্যের ওপর কার্যত কোনও শুল্ক নেবে না। আমি টিম কুককে বলেছি, আমরা তোমাকে অনেক সমর্থন করছি। তুমি বহু বছর চিনে কারখানা বানিয়েছ। এখন আমরা চাই না তুমি ভারতে কারখানা বানাও। ভারত নিজেরটা নিজেরাই বুঝে নিতে পারবে।”
ট্রাম্পের দাবি, অ্যাপল এখন আমেরিকায় তাদের উৎপাদন বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, অ্যাপল চিনের উপর নির্ভরতা কমিয়ে ভারতে তাদের উৎপাদন বাড়াতে চাইছে। ট্রাম্প প্রশাসনের চড়া শুল্ক নীতির প্রেক্ষিতে অ্যাপলের এই পদক্ষেপ। এ মাসের শুরুতে এএফপি-র এক প্রতিবেদনে বলা হয়েছিল, টিম কুক আশা করছেন, ভবিষ্যতে আমেরিকায় বিক্রি হওয়া আইফোনের বেশির ভাগই ভারতে তৈরি হবে।
অ্যাপলের ভারতে তিনটি কারখানা। দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে। এর মধ্যে ফক্সকন পরিচালিত একটি এবং টাটা গ্রুপ পরিচালিত দু’টি। আরও দুটি কারখানা তৈরি হচ্ছে। গত মার্চে শেষ হওয়া আর্থিক বছরে অ্যাপল ভারতে ২২ বিলিয়ন ডলারের আইফোন অ্যাসেম্বল করেছে। যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি। কিন্তু প্রশ্ন হল, ট্রাম্পের হুমকির পর কি কুক মত বদলাবেন? ট্রাম্পের এমন মন্তব্যের কী প্রতিক্রিয়া দেয় ভারত।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
