সুদীপ্ত চট্টোপাধ্যায়
ভারত-পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধে নিহত শহিদ সেনানীদের শ্রদ্ধা জানিয়ে একটি প্রস্তাব আনা হবে রাজ্য বিধানসভায়। ‘অপারেশন সিঁদুরের’ সাফল্যের জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদও জানানো হবে ওই প্রস্তাবে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী ৯ জুন নাগাদ বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হতে পারে। অধিবেশন সপ্তাহ দুয়েক চলবে। ওই অধিবেশনেই এই মর্মে প্রস্তাব আনা হবে। যদিও সেনাকে ধন্যবাদ জানিয়ে কবে প্রস্তাব আনা হতে পারে, তা এখনও স্থির হয়নি। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।এর পাশাপাশি রাজ্যপালের পাঠানো রাজ্য সংখ্যালঘু কমিশন আইনের একটি সংশোধনী সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলের উপরেও অধিবেশনে আলোচনা হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন।গত মাসে জম্মু-কাশ্মীরের পাহালগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ২৫ জন পর্যটক। ওই জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে অন্তত নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ধ্বংস করা হয়েছে পাকিস্তানের একাধিক এয়ারবেসও। ভারতীয় সেনার এই সাফল্যকেই স্বীকৃতি দিতে চায় পশ্চিমবঙ্গ বিধানসভা বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
