Boycott Turkey: বেইমান তুরস্ক। যে ভারত তুরস্কে ভূমিকম্পে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, সেই ভারতের বিরুদ্ধেই হামলায় পাকিস্তানকে মদত জুগিয়েছে ইউরোপের এই দেশ। চুপ করে বসে থাকবে না ভারতও। পাকিস্তানের পর এবার তুরস্কের বিরুদ্ধে অ্যাকশন নরেন্দ্র মোদীর সরকারের। ভারতের বেশ কয়েকটি বিমানবন্দর পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা তুরস্কের সংস্থার অনুমোদন বাতিল করল নয়াদিল্লি।
ভারতের বেশ কয়েকটি বিমানবন্দরে নানা পরিষেবার ক্ষেত্রে দায়িত্বে রয়েছে তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশন। ওদিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালু করার পর প্রকাশ্যেই পাকিস্তানকে সমর্থন করেছে তুরস্ক। পাকিস্তানকে সামরিক ড্রোন দিয়ে সাহায্য করে তারা। সেই ড্রোন দিয়েই ভারতের সেনাঘাঁটি ও জনবসতির উপর হামলার চেষ্টা করে পাকিস্তান। এমনকি, ড্রোন ছাড়া সেনা পাঠিয়েও পাকিস্তানকে সাহায্য করেছে তুরস্ক।
এই অবস্থায় সেলেবি অ্যাভিয়েশনের নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করেছে ভারত। অসামরিক উড়ান পরিষেবা মন্ত্রকের আওতায় থাকা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির তরফে নোটিস দেওয়া হয়েছে ‘সেলেবি’-কে। বিমানবন্দরে দায়িত্বে থাকায় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য পেতে পারে তুরস্কের সংস্থা সেলেবি। আর তাই দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থেই সেলেবি-র অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নয়াদিল্লির। জরুরি ভিত্তিতে তা আজ থেকেই লাগু করার ঘোষণা।
শুধু পাকিস্তানকে সাহায্যই নয়, ভারতের বিরুদ্ধে নিন্দাও করে তুরস্ক। অপারেশন সিঁদুর-এ পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ভারত গুঁড়িয়ে দেওয়ায় নিন্দায় সরব হয় তুরস্ক। এই আবহে সেলেবি-র অভ্যন্তরীণ পরিচালনায় বিভিন্ন গরমিল নজরে আসে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির। ভৌগোলিক নানা ঝুঁকি এড়াতে তাই সেলেবি-র উপর নজরদারি রেখেছিল কেন্দ্র। আর এবার সরাসরি তাদের পারমিট বাতিলের ঘোষণা করা হল। গত ২০২২ সালের ২১ নভেম্বর সেই অনুমোদন দেওয়া হয়েছিল। আড়াই বছরের মাথায় তা প্রত্যাহার করা হল।
প্রসঙ্গত, গত ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিধ্বংসী ভূমিকম্পে বিপর্যস্ত হয় তুরস্ক ও সিরিয়া। সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত। তুরস্কের পাশে দাঁড়াতে ‘অপারেশন দোস্ত’-এর সূচনা করে ভারত সরকার। দফায় দফায় ত্রাণ পাঠায় ভারত। সঙ্গে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে ভারতের পাঠানো এনডিআরএফ টিম। তল্লাশি অভিযানে সেনা কুকুর, ক্ষতিগ্রস্তদের সুশ্রুষায় মেডিক্যাল টিম, ওষুধ, যন্ত্রপাতি পাঠিয়ে সাহায্য করেছিল ভারত। আর সেই তুরস্কই এবার ভারতের বিরুদ্ধে হামলায় পাকিস্তানের সঙ্গে এককাট্টা। ভারতের সঙ্গে বেইমানি তুরস্কের।
