Operation Sindoor: পহেলগাঁও হামলার বদলা নিতে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে থাকা একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার ঠিক ১৫ দিনের মাথায় এই অপারেশনে কেঁপে যায় পাকিস্তানের ভিত। সূত্রের খবর, সামরিক এই অভিযান চালানোর সময় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে ‘ছদ্মবেশী’ ফাইটার জেট পাঠায় ভারত।
একেবারে সুপরিকল্পিতভাবে পাক বায়ুসেনার চোখকে ধুলো দিয়ে এই পুরো অপারেশন (Operation Sindoor) চালায় ভারত। গত ৯ মে রাতে পাকিস্তানের ১২ টি এয়ারবেসের মধ্যে ১১ টিতেই প্রত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা। জানা গিয়েছে, একের পর এক মিসাইল ছোড়ার আগে এয়ারফোর্স (Indian Air Force (IAF) চালক-বিহীন এয়ারক্রাফট পাঠিয়েছিল পাকিস্তানে। যেগুলি দেখে বোঝার উপায় ছিল না, সেগুলি আসল না নকল!
আর তাতেই পুরো নাস্তানাবুদ হয় পাকিস্তান। সেই সময় পাক বায়ুসেনা ভেবে ছিল সত্যিই হয়ত ভারত যুদ্ধবিমান পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে নিজেদের HQ-9 মিসাইল সিস্টেম (Missile System) সক্রিয় করে দেয় তারা। আর তাতেই পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিগুলির অবস্থান ভারতের কাছে স্পষ্ট হয়ে যায়। সেগুলি খুঁজে পেতে ভারতকে বিশেষ বেগ পেতে হয়নি। সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, পাকিস্তান সবকটি HQ-9 মিসাইল সিস্টেম এবং রাডার সচল করে দেয়। এর মধ্যে বেশ কয়েকটি মোতায়েন ছিল একেবারে নতুন জায়গায়।
সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলির অবস্থানও ধরা পড়ে যায় ভারতীয় বায়ুসেনার কাছে। এরপর পাকিস্তানের এয়ারবেসে লং রেঞ্জ মিসাইল নিক্ষেপ করে আঘাত করে ভারত। এর মধ্যে ছিল ব্রহ্মস, স্কাল্প মিসাইল। জানা গিয়েছে, অন্তত ১৫ টি ব্রহ্মস (BrahMos missiles), স্কাল্প (Scalp), র্যাম্পপেজ (Rampage) এবং ক্রিস্টাল মেজ মিসাইল (Crystal Maze missiles) লঞ্চ করেছিল ভারত। একের পর এক এই মিসাইলের আঘাতে তছনছ হয়ে যায় পাকিস্তানের এয়ারবেসের এয়ারস্ট্রিপ থেকে হ্যাঙ্গার। এমনকী পাকিস্তানের একাধিক ড্রোন, ওয়ার্নিং এয়ারক্রাফটও নষ্ট হয়ে যায় বলে দাবি সংবাদসংস্থার।
পাশাপাশি চিনের প্রযুক্তিতে তৈরি HQ-9 মিসাইল সিস্টেম (missile system) ও ধ্বংস হয়ে যায় ভারতের ব্যাপক আঘাতে। পাকিস্তানের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে প্রত্যাঘাত তো দূরের কথা, দ্রুত ডিজিএমও স্তরে আলোচনার জন্য অনুরোধ করে ইসলামাবাদ। ভারতকে থামাতে তড়িঘড়ি বৈঠকে বসতে বাধ্য হয় সে দেশ।
