India Pakistan Ceasefire: ভারত পাক সংঘাত নিয়ে আমেরিকার পর এবার আসরে ব্রিটেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতিতে আমেরিকার সঙ্গে যৌথভাবে কাজ করছে ব্রিটেনও। শনিবার ইসলামাবাদে সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি। দুই দিনের সফরে পাকিস্তানে গিয়েছিলেন তিনি।
এদিন ল্যামি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি যাতে দীর্ঘস্থায়ী হয় ও দুই দেশের মধ্যে কূটনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে যাতে আস্থা ফেরানো যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে। আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে এই কাজ ব্রিটেন করছে বলে জানান ল্যামি। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে আলোচনার পথ খোলার জন্যেও আমেরিকার সঙ্গে ব্রিটেন সমন্বয় রেখে কাজ করছে বলে দাবি।
পহেলগাঁও জঙ্গি হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। যার মধ্যে অন্যতম সিন্ধু জল চুক্তি বাতিল করা। যার জেরে পাকিস্তানে সিন্ধুর জল সরবরাহে ব্যাঘাত ঘটার পাশাপাশি ব্যাপক প্রভাব পড়েছে সেদেশের কৃষিকাজেও। যদিও এপ্রসঙ্গে ব্রিটেনের বিদেশমন্ত্রীর দাবি, “চুক্তির শর্ত দু’পক্ষেরই মেনে চলা উচিত। কীভাবে উভয়পক্ষের মধ্যে আস্থা ফেরানো যায়, তা নিয়ে আমেরিকার সঙ্গে আমরা কাজ চালিয়ে যাব।”
গত ২২ এপ্রিল পহেলগাঁওতে বৈসরন উপত্যকায় নিরীহ ২৬ জন পর্যটককে বেছে বেছে খুন করে জঙ্গিরা। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার ছায়া সংগঠন টিআরএফ। পাল্টা বদলা নিতে ৭ মে অপারেশন সিঁদুর চালু করে ভারত। পাকিস্তানের অভ্যন্তরে ও পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। এরপর ৮ থেকে ১০ মে পরপর তিনদিন ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলার চেষ্টা করে পাকিস্তান। যদিও তা প্রতিহত করে ভারতীয় সেনা।
এরপর ১০ মে সংঘর্ষবিরতি ঘোষণা করলেও রাতে পাকিস্তান গোলা বর্ষণ করে। পাল্টা জবাব দেয় ভারতও। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। পরে সংঘর্ষবিরতি নিয়ে কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীর সমস্যার সমাধান করতেও আগ্রহ দেখান তিনি। যদিও ভারত সরকার স্পষ্টতই জানায়, কাশ্মীর নিয়ে সমস্যার সমাধান ভারত ও পাকিস্তানের সমঝোতার মধ্য দিয়েই হবে। আমেরিকার পর এবার ভারত পাক সংঘাতে নাক গলাচ্ছে ব্রিটেনও।
