রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ নিয়ে নানা টানাপোড়েনের মধ্যেই জেলেনেস্কির দেশে সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল মস্কো। দু দেশের মধ্যে সরাসরি যুদ্ধ আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ার পরই এমন বড়সর হামলার ঘটনা ঘটল।
সদ্য ইস্তাম্বুলে বসেছিল ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা।প্রথমে আশা জাগিয়েও তাতে ছিলেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানান, কোনও মধ্যস্থতাকারীর মাধ্যমে নয় সরাসরি ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে আগ্রহী রাশিয়া। আর সেটাই নাটকীয় মোড় নেয় যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট পুতিনের সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব গ্রহণ করে বলেন যে তিনি তুরস্কে গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের ডাকে সাড়া দেন নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে এই বৈঠকে ছিলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।
এই বৈঠকের সাফল্য কতটা মিলবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। শুক্রবার ইস্তাম্বুলে আলোচনা দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে শেষ হয়ে যায় এবং যুদ্ধবিরতি হয়নি। তবে উভয় পক্ষ যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে—প্রতিটি পক্ষ ১,০০০ বন্দী ফেরত দেবে। বৈঠক শেষ হওয়ার একদিন পরেই রাশিয়া মোট ২৭৩টি বিস্ফোরক ড্রোন ও ডিকয় নিক্ষেপ করেছে। ইউক্রেনের বিমানবাহিনী রোববার জানিয়েছে, এর মধ্যে ৮৮টি ড্রোন ইউক্রেন বাধা দিতে সক্ষম হয়েছে এবং আরও ১২৮টি ড্রোন ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে নষ্ট হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। এই হামলাগুলো কিয়েভ, দিনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে লক্ষ্য করে করা হয়েছে।
কিয়েভ অঞ্চলের গভর্নর মাইকোলা কালাশনিক জানিয়েছেন, ড্রোন হামলায় একজন ২৮ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে।এক শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনীর যোগাযোগ বিভাগের প্রধান ইউরি ইগনাট সংবাদমাধ্যকে বলেছেন যে এই আক্রমণ রাশিয়া আক্রমণ শুরুর পর সবচেয়ে বড় ড্রোন হামলা।অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতের মধ্যে ৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এবং রোববার সকালে আরও ১৮টি ড্রোন গুলি করে নামানো হয়েছে।
বারবার এই হামলায় শান্তি ফেরানোর চেষ্টা নিয়েই প্রশ্ন উঠে গেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সোমবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন। পাশাপাশি জেলেনস্কিও ন্যাটো দেশগুলোর নেতাদের সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
