সুদীপ্ত চট্টোপাধ্যায়
বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা আজ থেকে দেওয়া শুরু করল রাজ্য সরকার। সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা জমা করেছে রাজ্য সরকার। এই বাবদ দ্বিতীয় কিস্তির মোট ৭,২০০ কোটি টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ” এটা আমাদের গর্বের যে রাজ্য সরকার, সম্পূর্ণ নিজের টাকায়, ‘ বাংলার বাড়ি (গ্রামীণ)’ প্রকল্পে বাংলার ১২ লক্ষ গরীব যোগ্য পরিবারকে বাড়ি তৈরি করার জন্য পরিবারপিছু দুই কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছে।”
উল্লেখযোগ্য, বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্পে প্রথম কিস্তির মোট ৭,২০০ কোটি টাকা গত ডিসেম্বর মাসে দেয় রাজ্য সরকার। আজ দ্বিতীয় কিস্তির ৭,২০০ কোটি টাকাও সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হল। অর্থাৎ এই প্রকল্পে বাড়ি তৈরীর জন্য আমাদের সরকার সম্পূর্ণ নিজের টাকায় মোট ১৪,৪০০ কোটি টাকা ব্যয় করল। এটা অত্যন্ত আনন্দের।”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আরও ১৬ লক্ষ যোগ্য পরিবারকেও বাড়ি করে দেওয়া হবে। তাঁরা তাঁদের প্রথম কিস্তির টাকা আগামী ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা ২০২৬ সালের মে মাসে পেয়ে যাবেন।
