এখনই ত্রাণ নিয়ে না পৌঁছোতে পারলে আগামী ৪৮ ঘণ্টায় গাজায় ১৪,০০০ শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘ।এনডিটিভির রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রসঙ্ঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, সোমবার মাত্র পাঁচটি ট্রাক গাজায় মানবিক সাহায্য নিয়ে যেতে পেরেছে, যার মধ্যে শিশুদের খাদ্যও রয়েছে।ইসরায়েলের সপ্তাহব্যাপী অবরোধের পর এই সাহায্য আসলে সমুদ্রে এক ফোঁটা জলের সমান।
গাজা উপত্যকার উপর ইজরায়েলের হামলা যেন আর থামছে না। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা প্যালেস্তেনীয় এই ভূখণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে সেখানে অভিযান জোরদার করেছে ইসরায়েল।এখনও প্রায় অবরুদ্ধ হয়ে আছে গাজা। ইসরায়েলের ১১ সপ্তাহের সম্পূর্ণ অবরোধের পর গাজায় সীমিত সংখ্যায় সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলোর চাপের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজায় দুর্ভিক্ষের আশঙ্কায় আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার রাতে ১১ সপ্তাহের ধ্বংসাত্মক অবরোধ কিছুটা শিথিল করতে বাধ্য হন।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টম ফ্লেচার জানিয়েছেন, আমরা সব ধরনের বিপদ মাথায় নিয়েও চেষ্টা করছি যেন সেই শিশু খাদ্য তাদের মায়েদের কাছে পৌঁছায়। তারা এখন সন্তানদের খাওয়াতে পারছেন না কারণ তারা নিজেরাই অপুষ্টিতে ভুগছেন।
গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্য সফরের সময়ই ট্রাম্প জানান, গাজায় বহু মানুষ অনাহারে রয়েছেন। লোকজন অনাহারে ধুঁকছে। পাশাপাশি সোমবার ব্রিটেন, ফ্রান্স ও কানাডার রাষ্ট্রনেতারা ইসরায়েলের নিন্দা করেছেন। মানবিক সহায়তায় বিধিনিষেধ না তুলে নিলে যৌথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
ফ্লেচার আন্তর্জাতিক চাপ বৃদ্ধিকে স্বাগত জানিয়ে বলেছেন, “আমি চাই আগামী ৪৮ ঘণ্টায় যতটা সম্ভব এই ১৪,০০০ শিশুর জীবন বাঁচাতে।” এক প্রশ্নের জবাবে ফ্লেচার বলেন যে রাষ্ট্রসঙ্ঘের টিমগুলো মেডিকেল সেন্টার ও স্কুলগুলোয় ত্রাণ সাহায্য বোঝার চেষ্টা করছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
