Bjp-Congress: কংগ্রেস নেতাদের মন্তব্যে ক্ষুব্ধ কেন্দ্রের শাসক দল। অপারেশন সিঁদুর (operation sindoor) নিয়ে যেভাবে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের শীর্ষনেতারা, তাতে মোটেই সন্তুষ্ট নয় বিজেপি নেতৃত্ব। বিরোধীদের একের পর এক মন্তব্য পাকিস্তানকে অক্সিজেন জোগাচ্ছে বলেও দাবি করেছে বিজেপি (Bjp)।
অপারেশন সিঁদুরে এয়ার ফোর্সের এয়ারক্রাফটের ক্ষতি হয়েছে কি না, প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর এই মন্তব্যই ইসলামাবাদকে অক্সিজেন দিয়েছে বলে দাবি বিজেপির। মল্লিকার্জুন খাড়্গের মন্তব্য নিয়েও অভিযোগ জানিয়েছে বিজেপি।
বিজেপি সাংসদ সম্বিৎ পাত্র (Sambit Patra) বলেন, ‘সেনাবাহিনীর সাহসিকতা ও দেশের সঙ্গে প্রতারণা করছেন দুই কংগ্রেস নেতা।’ তিনি আরও বলেন, ‘এই কারণেই রাহুল গান্ধীকে পছন্দ করেন হাফিজ সইদ।’ ভারতীয় সেনার অপারেশনকে খাড়্গে ছোট যুদ্ধ বলে মন্তব্য করেছিলেন। সেই প্রসঙ্গ তুলে বিজেপি সাংসদের দাবি, পাকিস্তানের একের পর এক এয়ারবেস ধ্বংস হয়ে যাওয়ার পর, পাকিস্তান যখন কাঁদছে তখন সেই অভিযানকে ছোট যুদ্ধ বলে কটাক্ষ করছে কংগ্রেস।
সম্বিৎ পাত্র বলেন, “রাহুল গান্ধী এটা বুঝতেই পারছেন না যে ভারতীয় সেনা পাকিস্তানের মাটিতে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। অন্তত ১০০ জন জঙ্গিকে নিকেশ করেছে। এমনকী ভারতের উপর আঘাতের চেষ্টা জবাব দিতে পাকিস্তানের ১১টি এয়ারবেসও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যন্ত্রণায় কাতরাচ্ছে পাকিস্তান।” কীভাবে সেনাবাহিনীর অভিযানের প্রমাণ চাইছে কংগ্রেস, তাতেই বিস্মিত বিজেপি।
পাক ডিজিএমও অপারেশন সিঁদুর চলাকালীন রাহুল গান্ধীর ভিডিয়ো দেখিয়েছিলেন। সে কথাও এদিন মনে করিয়ে দেন সম্বিৎ পাত্র। এই প্রসঙ্গেই তিনি বলেন, আমরা সবাই জানি যে হাফিজ সইদ রাহুল গান্ধীকে পছন্দ করে।
উল্লেখ্য, কর্নাটকের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে খাড়্গে প্রশ্ন তুলেছিলেন ভারতের গোয়েন্দাদের নিয়ে। কেন পহেলগাঁওয়ের হামলার ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তিনি আরও দাবি করেছিলেন, ছোটখাটো একটা যুদ্ধ হয়েছে। এছাড়া রাহুল গান্ধী তাঁর এক্স মাধ্যমে লিখেছিলেন, ‘আমাদের এয়ার ফোর্স কটা যুদ্ধবিমান হারাল?’ তাঁর এই মন্তব্যেই আপত্তি জানিয়েছে বিজেপি।
