আইপিএল ২০২৫-এ লক্ষ্মৌ সুপার জায়ান্টসের (LSG) হতশ্রী পারফরম্যান্স এবং অধিনায়ক ঋষভ পন্থের রানের খরা নিয়ে চলছে প্রবল বিতর্ক। কোটি টাকার বিনিময়ে কেনা এই তারকা ব্যাটার ১২ ম্যাচে করেছেন মাত্র ১৩৫ রান। স্ট্রাইক রেট ১০০-এর কাছাকাছি, গড় মাত্র ১২। এমন পারফরম্যান্সে প্রশ্ন উঠছে, কী হল ঋষভের?
এই প্রশ্নের উত্তর দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং যুবরাজ সিংয়ের বাবা, যোগরাজ সিং। তাঁর মতে, “সমস্যা মানসিক নয়, সমস্যা টেকনিকে। আর সেটা শুধরে নিতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট! তিনি বলেন, ঋষভের মাথা স্থির থাকছে না, বাঁ কাঁধ খোলা হয়ে যাচ্ছে। এই খুঁত শুধরোলেই ও আবার ছন্দে ফিরবে।
পন্থ যদিও নিজের ব্যর্থতার পেছনে দলগত সমস্যা ও চোট-আঘাতের সমস্যা তুলে ধরেছেন। বলেছেন, “যে পরিকল্পনা নিয়ে শুরু করেছিলাম, সেটা সফল হত যদি চোট না থাকত।” দলের পেসার মহসিন খান ও মায়াঙ্ক যাদব সারা মরশুমে চোটের কারণে নিয়মিত খেলতে পারেননি।
তবে বিশ্লেষক মহম্মদ কাইফ এই যুক্তি মানতে নারাজ। কাইফ বলেন, “যে খেলোয়াড়রা পুরো মরশুম খেলতে পারবেন না, তাদের দলে নেওয়াটা বিপজ্জনক।” তাঁর মতে, টিম কম্বিনেশন বাছাইয়ে ভুল ছিল লখনউ কর্তৃপক্ষের।
সঞ্জীব গোয়েঙ্কা ২৭ কোটি টাকা দিয়ে ঋষভকে দলে নেওয়ায় চাপ যে ছিল, তা অস্বীকার করা যায় না। বিশেষ করে, যখন ব্যাট হাতে ব্যর্থতা আর নেতৃত্বে দুর্বলতা দেখা যায়। কিন্তু যোগরাজের বক্তব্য পন্থের পাশে দাঁড়িয়েছে। তিনি আত্মবিশ্বাসী, ঋষভ সামান্য টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট করলেই নিজের পুরনো ছন্দে ফিরবেন।
এখন প্রশ্ন, ঋষভ কি নিজেকে নতুন করে গড়তে পারবেন? নাকি আইপিএলের সবচেয়ে দামি চুক্তির পেছনে পড়ে থাকবে ব্যর্থতার দাগ?
