দিব্যেন্দু মজুমদার, হুগলি
রক্ষাকালী পুজোর ভাসানে ডিজে বাজানো বন্ধ করতে গিয়ে এবার আক্রান্ত খোদ পুলিশ। বুধবার গভীর রাতে এই ডিজে বাজানোকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে ডানকুনির মনবেড় এলাকা। জনতার হাতে আক্রান্ত হয় পুলিশ। মারধর ও পাথরের আঘাতে এক মহিলা পুলিশ কর্মীসহ মোট পাঁচ জন পুলিশ কর্মী আহত হন। এই ঘটনায় পুলিশকে মারধরের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ডানকুনি থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ডানকুনির মনবেড় এলাকায় বুধবার রাতে রক্ষা কালীপুজো ছিল। পুজো শেষে গভীর রাতে রীতিমতো ডিজে বাজিয়ে বিসর্জনে অংশ নেয় এলাকার ছেলেমেয়েরা। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে পুলিশ ভাসানে অংশগ্রহণকারীদের ডিজে না বাজানোর জন্য অনুরোধ করে। বারংবার মাইকিং করে পুলিশ ডিজে বাজানো বন্ধ করতে বলে। কিন্তু পুজো কমিটির ছেলেরা ডিজে বাজানো বন্ধ করতে নারাজ। তারা স্থানীয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এমতাবস্থায় পুলিশ অবরোধ ওঠাতে গেলে রীতিমতো তর্ক-বিতর্ক বচসা শুরু হয়ে যায় পুজো কমিটির ছেলেদের সঙ্গে। বচসার জেরে শেষ পর্যন্ত তা রণক্ষেত্রের রূপ নেয়। পুলিশকে লক্ষ্য করে ভাসানে অংশগ্রহণকারীরা পাথর ছুঁড়তে থাকে। পাথরের আঘাতে এক মহিলা পুলিশ কর্মীসহ ৫ পুলিশকর্মী আহত হন। এরপরই পুলিশ লাঠি নিয়ে তেড়ে গেলে অবরোধকারীরা রণে ভঙ্গ দেয়। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ এলাকার ছয় জনকে গ্রেফতার করে। অন্যদিকে মনেবেড় বারোয়ারী পুজো কমিটির শ্যামল ঘোষ এলাকার ছেলেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। প্রয়োজনে তিনি পুলিশের কাছে গিয়ে লিখিত দিয়ে আসবেন যে আগামী দিনে তারা বিসর্জনে কোনোরকম ডিজে বাজাবেন না। পুলিশকে মারধরের অভিযোগে ধৃত ছয় ব্যক্তিকে বৃহস্পতিবার শ্রীরামপুর মহাকুমা আদালতে তোলা হয়।
