Pakistani Spy: এবার পাক গুপ্তচর সন্দেহে বারাণসী থেকে গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম তুফেল। প্রায় ৬০০ পাকিস্তানির সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ ছিল বলে অভিযোগ। সন্ত্রাস দমন অভিযানে নেমে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন স্কোয়াড অভিযুক্তকে গ্রেফতার করে। ভারতে থেকেই দেশের বিভিন্ন সব গোপন তথ্য পাকিস্তানকে পাচার করত ধৃত। এমনই চাঞ্চল্যকর অভিযোগ গোয়েন্দাদের।
বারাণসীর বাসিন্দা তুফেল নিয়মিত পাকিস্তানিদের সঙ্গে যোগাযোগ রাখত। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন সমস্ত তথ্য পাকিস্তানে পাচার করত বলে অভিযোগ। তদন্তে নেমে গোয়েন্দারা আরও জানতে পারেন, স্পর্শকাতর সমস্ত জায়গার ছবি ভিডিও তুলে তা পাকিস্তানে পাচার করা হত। রাজঘাট, নমো ঘাট, জ্ঞানব্যাপী, বারাণসী রেলস্টেশন, লালকেল্লার ভৌগোলিক অবস্থান-সহ বাকি খুঁটিনাটি পাকিস্তানকে পাঠানো হত বলে দাবি।
বেশ কয়েকটি সন্দেহজনক হোয়াটসঅ্যাপ গ্রুপেও সক্রিয় ছিল তুফেল। তেহরিক-ই-লাবাইক নেতা মৌলানা সাদ রিজভির ভিডিও নিয়মিত গ্রুপে শেয়ার করত অভিযুক্ত। উগ্রপন্থী হিসেবে পরিচিত রিজভি। এমনকি উসকানিমূলক বিভিন্ন বার্তা ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বাবরি মসজিদের বদলা নেওয়ার মতো হুমকি বার্তাও দিতে দেখা গিয়েছে। শরিয়ত আইন চালু নিয়েও হুমকি পোস্টের অভিযোগ ধৃত তুফেলের বিরুদ্ধে।
বারাণসীতে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ছড়িয়ে দিত অভিযুক্ত। তাতে অ্যাড হলেই স্থানীয়দের ব্যাপারে সরাসরি সব তথ্য চলে যেত পাকিস্তানি নেটওয়ার্কের হাতে। নাফিসা নামের পাকিস্তানি এক মহিলার সঙ্গেও যোগাযোগ ছিল তুফেলের। সেই মহিলার স্বামী আবার পাক সেনাবাহিনীতে কর্মরত। প্রায় ৬০০ জন পাকিস্তানির সঙ্গে যোগাযোগ ছিল তুফেল। ধৃতের যাবতীয় কার্যকলাপ ও গতিবিধির উপর নজরদারি রাখছে উত্তরপ্রদেশ পুলিশের এটিএস। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ডিজিটালি দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
