লজ্জার ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্রিকেটে অজ্ঞাতকুলশীল সংযুক্ত আরব আমিরশাহি বা ইউএই-র কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেন তামিম, সরিফুলেরা। সেই সঙ্গে ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল বাংলাদেশের নাম, প্রথম টেস্ট খেলিয়ে দেশ যারা ২-১ ব্যবধানে সিরিজ হারল আইসিসি সদস্য দেশের কাছে।
২১ মে, মঙ্গলবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে সাত উইকেটে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে ফেলল ইউএই। ম্যাচের তখনও বাকি ছিল পাঁচ বল। এর ফলে বাংলাদেশ হয়ে গেল প্রথম টেস্ট খেলিয়ে দেশ যারা ইউএই-র মতো আইসিসি অ্যাসোসিয়েট দলের কাছে সিরিজ হারল।
এই সিরিজ জয় ইউএই-র ক্রিকেট ইতিহাসে বড় সাফল্য। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলেও, পরের দুই ম্যাচে ইউএই দারুণ ভাবে ফিরে এসে সিরিজ নিজের করে নেয়। বিশেষ ভাবে নজর কেড়েছেন ইউএই অধিনায়ক মহম্মদ ওয়াসিম। তিনি সিরিজে দু’টি হাফ-সেঞ্চুরি-সহ মোট ১৪৫ রান করেন। যা দু’দল মিলিয়ে সর্বোচ্চ। ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হওয়ার পর তিনি ট্রফি উৎসর্গ করেছেন নিজের ছেলেকে। সিরিজে কয়েক জন নতুন মুখ যেমন হায়দার আলি দারুণ বোলিং করে নজর কেড়েছেন। ওয়াসিম বলেন, “আমরা আমাদের পরিবেশে খেলতে অভ্যস্ত। ছেলেরা দারুণ লড়াই করেছে। এটা আমাদের বিরাট জয়। আমাদের বোর্ড আর সাপোর্ট স্টাফকে অনেক ধন্যবাদ।”
উল্লেখযোগ্য ব্যাপার হল, ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ আর এক অ্যাসোসিয়েট দেশ যুক্তরাষ্ট্রের কাছেও হেরেছিল। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য এই হার বড় ধাক্কা যা দলের মানসিকতা ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলে দিল। এই ফলাফল ক্রিকেটবিশ্বে ইউএই-র আত্মবিশ্বাস বাড়াবে। আর বাংলাদেশকে ভাবাবে, ঘরের বাইরে ছোট দলের বিরুদ্ধে কি তারা আর আগের মতো ভরসা জোগাতে পারছে?
