তামিলনাড়ুর রামানাথপুরম জেলার এমনেশ্বরমে বৃহস্পতিবার দুপুরে ঘটে গেল এক নৃশংস ঘটনা। আড়াই বছরের শিশু লেমোরিয়া, তাঁর কাকার হাতে নির্মমভাবে খুন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কাকা সঞ্জয় মানসিক ভারসাম্যহীন। তিনি ভাইঝিকে বাড়ির পেছন দিকে নিয়ে গিয়ে ছুরি দিয়ে গলা কাটেন এবং শিশুর মাথাটি পুকুরে ছুঁড়ে ফেলেন।
শিশুর বাবা দেশিঙ্গু রাজা এবং মা ডেইজি জানিয়েছেন, সঞ্জয় পরিবারেরই সদস্য এবং সম্পর্কে শিশুর কাকা। ঘটনার দিন লেমোরিয়ার সঙ্গে বাড়ির উঠোনে খেলছিলেন সঞ্জয়। কিছুক্ষণ পর তাঁরা দেখতে পান সঞ্জয় আর লেমোরিয়া সেখানে নেই। শুরু হয় খোঁজ। ইতিমধ্যে, এলাকাবাসীর চিৎকারে পুলিশ ও ফায়ার অ্যান্ড রেসকিউ টিম চলে আসে। তল্লাশির পর শিশুর দেহ ও কাটা মাথা উদ্ধার হয় পুকুর থেকে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে পারামাকুড়ি সরকারি হাসপাতালে। সঞ্জয় পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সঞ্জয় দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর চিকিৎসার কোনও নির্দিষ্ট রেকর্ড না থাকলেও, পরিবারের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। ঘটনার তদন্তে মনোরোগ বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে, যাতে তাঁর মানসিক অবস্থা জানা যায়।
অন্য দিকে, কেরালার এর্নাকুলাম জেলায় এক মা তাঁর চার বছরের শিশুকন্যাকে নদীতে ফেলে খুন করেছেন। ধৃত মায়ের নাম সন্ধ্যা। পুলিশের দাবি, তিনি নিজেই স্বীকার করেছেন শিশুটিকে ব্রিজ থেকে নদীতে ছুঁড়ে দেওয়ার কথা। শিশুর দেহ উদ্ধার হয়েছে পর দিন সকালে। ময়নাতদন্তে শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়ায়, শিশুর আরেক আত্মীয়কেও গ্রেফতার করা হয়েছে।
