চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। কিছুদিন আগেই নাটকীয় ভাবে গ্রেফতার করা হয়েছিল অভিনেত্রীকে। তার পর কারাবন্দি করে রাখা হয়। এ বার ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানালেন অভিনেত্রী নুসরত।
গত রবিবার থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরতকে গ্রেফতার করে পুলিশ। সোমবার আদালতের নির্দেশ মেনে কাশিপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় অভিনেত্রীকে। মঙ্গলবার জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি।
শুক্রবার মুখ খুললেন নুসরত। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন, তিনি গুরুতর অসুস্থ। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ হতে তাই ব্রেক নিয়েছেন সব কিছু থেকেই।
নুসরত লেখেন, “আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, সাক্ষাৎকার নেওয়ার জন্য বার বার চেষ্টা করছেন। আপনাদের ভালবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি।” চিকিৎসার স্বার্থেই যে ফোন ব্যবহার এবং সকলের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন সে কথাও জানান অভিনেত্রী।
সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লেখেন,”আপনাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকা আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। এই ভালবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা আমি আজীবন মনে রাখব।”
গত বছর জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময়ে নুসরতের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। সেই মামলাতেই গ্রেফতার হন। প্রসঙ্গত, ২০১৫ সালে অভিনয়ের সফর শুরু নুসরতের। বাংলাদেশের পাশাপাশি এ পার বাংলাতেও বেশ পরিচিত মুখ তিনি। ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’ জীবনীচিত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরত।
