Donald Trump: শুল্ক যুদ্ধ নিয়ে নাছোড়বান্দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বহুজাতিক টেক কোম্পানি তথা আইফোন নির্মাতা অ্যাপেলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। আমেরিকাতেই আইফোন তৈরি করতে হবে বলে হুঁশিয়ারি। ভারতে বা অন্য কোথাও আইফোন তৈরি করলে অ্যাপেলের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে বলে জানালেন ট্রাম্প।
শুক্রবার সোশ্যাল মিডিয়া ট্রুথ হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, অ্যাপেলের কর্ণধার টিম কুককে আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, আমেরিকায় আইফোন বিক্রি করতে চাইলে তা আমেরিকাতেই তৈরি করতে হবে। ভারত বা অন্য কোনও দেশে তা বানালে চলবে না। আর যদি অন্য কোনও দেশে তা উৎপাদন করা হয়, তাহলে আমেরিকাকে ২৫ শতাংশ হারে শুল্ক দেবে অ্যাপেল।
তবে ট্রাম্পের এই হুমকির ফলে আইফোনের দাম লাফিয়ে বাড়তে পারে বলে আশঙ্কা। যার জেরে অ্যাপেলের বিক্রিতে ভাটা পড়তে পারে বলেও আশঙ্কা। ভারতের অ্যাপেলের কারখানা পছন্দ নয় ট্রাম্পের। অ্যাপল কর্তা কুককে মার্কিন প্রেসিডেন্টের পরামর্শ, “আমি চাই না আপনি ভারতে জিনিস তৈরি করুন। বহু বছর ধরে আপনারা চিনে যে উৎপাদনকেন্দ্র তৈরি করেছেন, তা আমরা সহ্য করেছি। কিন্তু আপনারা ভারতে যে কারখানা তৈরি করছেন, তা আমাদের পছন্দ নয়। ভারত নিজেই নিজেদের খেয়াল রাখতে পারে এবং তারা বেশ ভাল ভাবেই চলছে।”
যদিও ভারতে বিপুল চাহিদা ও এত বড় বাজারের কারণে অ্যাপেলের অন্যতম পছন্দ এই দেশ। ভারতে বিনিয়োগের বিষয় অ্যাপেলের আগে যা পরিকল্পনা ছিল,তাই থাকছে বলে জানা গিয়েছে। ট্রাম্পের মন্তব্যের পর কেন্দ্রের তরফে অ্যাপেলের সদর দফতর ক্যালিফোর্নিয়ায় যোগাযোগ করা হয়। অ্যাপেল প্রোডাক্টস-এর অন্যতম প্রধান উৎপাদনকেন্দ্র হিসেবে ভারতকেই তারা পছন্দ করবেন বলে জানিয়ে দিয়েছেন।
