India-Bangladesh: একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক প্রশ্নের মুখে। চলছে কূটনৈতিক টানাপোড়েন। বাংলাদেশের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে নরেন্দ্র মোদী সরকার, যাতে প্রবল চাপের মুখে ইউনূস সরকার। আর এর মধ্যেই ভারতের সঙ্গে বড় সামরিক চুক্তি বাতিল করল ঢাকা। কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের (Garden Reach Shipbuilders & Engineers Ltd (GRSE, kolkata) সঙ্গে এই চুক্তি বাতিল করা হয়েছে।
আর এই চুক্তি ছিল ১৮০.২৫ কোটি টাকার। স্টক এক্সচেঞ্জকে সংস্থার তরফে ইতিমধ্যে জানানো হয়েছে। তবে কেন বাংলাদেশের বর্তমান ইউনূস সরকার এই চুক্তি বাতিল করল সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেয়নি বলেই খবর।
ভারতের প্রতিরক্ষামন্ত্রকের আওতায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্স (GRSE, kolkata)। সামরিক নৌযানের তৈরির ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা। তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চেয়েছিলেন। সে দেশের একাধিক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ভারত। আর সেই সূত্র ধরেই জাহাজ তৈরির চুক্তি হয় গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের সঙ্গে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত বছর এই চুক্তি হয়। কথা ছিল বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাহাজ তৈরি করবে কলকাতার এই সংস্থা।
বর্তমানে ভারত বাংলাদেশের মধ্যে চলা উত্তেজনার আবহেই শেখ হাসিনার সময়ের করা এই চুক্তি বাতিল করল ইউনূস সরকার। বলে রাখা প্রয়োজন, গত এক বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত বাংলাদেশ। নতুন করে ফের গুঞ্জন, যে কোনও সময় প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিতে পারেন মহম্মদ ইউনূস। তবে কখনও চিনের মাটিতে দাঁড়িয়ে আবার কখনও বাংলাদেশে বক্তব্য রাখতে গিয়ে তাঁর করা ভারতের ‘সেভেন সিস্টার্স’ সম্পর্কিত মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি ভারত।
