বাস চালাতে চালাতেই আচমকা হার্ট অ্যাটাক। শেষ পর্যন্ত কন্ডাক্টরের বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর দিন্ডিগুল জেলায়। বাসটি পুদুকোট্টাইয়ের দিকে যাচ্ছিল।
জানা গিয়েছে, বাস চালানোর সময় আচমকাই বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন চালক। তিনি কন্ডাক্টরকে ডাকতে যান, কিন্তু তার আগেই জ্ঞান হারিয়ে পড়ে যান। সে সময় বাসটি চলন্ত অবস্থায়। কন্ডাক্টর দ্রুত পরিস্থিতি বুঝে জরুরি ব্রেক কষে বাস থামিয়ে দেন। যাত্রীরাও তৎপর হয়ে চালকের দিকে ছুটে আসেন। ঘটনাটি ধরা পড়ে বাসের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায়। ফুটেজ অনুযায়ী, চালক অচেতন হয়ে যাওয়ার ঠিক পরেই কন্ডাক্টর গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং বাস থামিয়ে দেন। প্রাণ বাঁচে যাত্রীদের।
চালককে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, চালকের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। ঘটনার পর দিন্ডিগুল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কন্ডাক্টরের উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতার প্রশংসা করেছেন স্থানীয় প্রশাসন ও যাত্রীরা।
গত কয়েক মাসে দেশজুড়ে এই ধরনের আকস্মিক হৃদরোগে মৃত্যুর ঘটনা বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা ও সময় মতো চিকিৎসা না হলে এমন মর্মান্তিক ঘটনা আটকানো যাবে না।
