যেভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের খবরে উত্তাপ ছড়িয়েছিল শনিবার তাতে ঢেলে দেওয়া হল কিছুটা ঠান্ডা জল। কয়েক দিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যেই শনিবার দুপুরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। পরিকল্পনা কমিশনে একনেক সভা শেষে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে যোগ দেন মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে পরিকল্পনা উপেদষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, “প্রধান উপদেষ্টা চলে যাওয়ার কথা বলেননি। তিনি পদত্যাগ করছেন না, আমাদের সঙ্গেই থাকছেন।” প্রথম আলোর তথ্য অনুযায়ী পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, “অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।”
যদিও একদিন আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগের জল্পনায় উত্তাল হয় বাংলাদেশ। প্রথম আলো তাদের প্রতিবেদনে লেখে যে দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। যদি ঠিকভাবে কাজ করতে না পারেন, তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কী লাভ, সে কথাও বলেছেন তিনি। জানা যায় বৃহস্পতিবার ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন তিনি।পাশাপাশি বৃহস্পতিবার এনসিপি প্রধান তথা বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলামও ইউনুসের সঙ্গে দেখা করে এসে দাবি করেন, প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন।
তার আগেই বুধবারই বাংলাদেশে জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত বলে জানিয়ে দিয়েছিলেন সেদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এ কথা জানান।সেখানে সেনাপ্রধান জানান যে দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।
শেখ হাসিনা পরবর্তী অস্থির বাংলাদেশে সেনাপ্রধানের এমন বার্তার পর মুহাম্মদ ইউনূস পদত্যাগের খবরের জল্পনা ছড়িয়ে পড়ে দ্রুত। তা নিয়ে বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বৃহস্পতিবার রাত থেকেই আলাপ-আলোচনা শুরু হয়। বিভিন্ন সূত্রে জানা যায় যে অধ্যাপক ইউনূস পদত্যাগ করুন, কোনও দলই সেটা চায় না।তবে বিভিন্ন দল অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় চায়।তবে শনিবার পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টার পদত্যাগের কোনও ভাবনা নেই তা পরিষ্কার করে দিয়েছেন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
