বেসরকারি কর্মচারীদের জন্যে বড় উপহার নরেন্দ্র মোদী সরকারের! ঘোষণা হল ২০২৫ অর্থবছরের জন্য প্রভিডেন্ট ফান্ডে নতুন সুদের হার। নয়া ঘোষণা অনুযায়ী, বছরে পিএফে বার্ষিক ৮.২৫ শতাংশ সুদ পাওয়া যাবে। আজ শনিবার এই সংক্রান্ত বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। আর তাতে ৭ কোটির বেশি মানুষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। সরকারের দাবি, খুব শীঘ্রই সরকারের এহেন সিদ্ধান্তের প্রতিফলন পিএফ অ্যাকাউন্টে হবে।
শ্রমমন্ত্রকের এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য পিএফের উপর ৮.২৫ শতাংশ সুদের হার অনুমোদন করেছে। মন্ত্রক ইতিমধ্যে ইপিএফওকে এই সংক্রান্ত চিঠি দিয়েছে। ওই আধিকারিকের কথায়, চলতি অর্থবছরের জন্য অনুমোদিত সুদের হার অনুসারে, ইপিএফের সাত কোটিরও বেশি সদস্যের অ্যাকাউন্টে নয়া সুদ জমা করা হবে। এতে বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মচারীরা উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, নয়াদিল্লিতে গত ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্যের নেতৃত্বে ইপিএফওর একটি বৈঠক হয়। সেখানেই সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বলে রাখা প্রয়োজন, গত বছর অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে২০২৩-২৪ অর্থবছরে সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদী সরকার। তবে তা ছিল খুবই সামান্য। তবে সেই সিদ্ধান্ত অনুযায়ী ৮.১৫ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদের হার ঘোষণা হয়।
তবে এদিনের ঘোষণায় খুশি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মচারীরা। উল্লেখ্য, অবসরকালীন সঞ্চয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পিএফ। পরিস্থিতি পর্যালোচনা করে প্রত্যেকবছরই পিএফে সুদের হার বাড়ানো কিংবা কমানো নিয়ে আলোচনা করা হয়। আর সেই সংক্রান্ত আলোচনা কিংবা সিদ্ধান্ত অর্থমন্ত্রকে পাঠানো হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রকই নিয়ে থাকে।
